১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাঙামাটিতে এক ব্যক্তিকে হত্যার দায়ে ছেলে-ভাতিজার মৃত্যুদণ্ড

মামলার রায় ঘোষণার সময় ছেলে আদালতে উপস্থিত থাকলেও ভাতিজা অনুপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 06:18 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এক ব্যক্তিকে হত্যার দায়ে ছেলে ও ভাতিজাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এক আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান আদালতের নাজির প্রসাদেব চাকমা।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বাঘাইছড়ির উত্তর ভাই-বোনছড়া গ্রামের আলোময় চাকমা (৩২) ও সোহেল চাকমা (২২)। 

সোহেল নিহত শান্তি লাল চাকমার ছেলে এবং আলোময় তার আপন ভাতিজা। 

রায় ঘোষণার সময় সোহেল আদালতে উপস্থিত থাকলেও আলোময় ছিলেন অনুপস্থিত।

মামলার বরাতে আদালতের নাজির বলেন, ২০১৭ সালের ৬ অগাস্ট রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন শান্তি লাল। রাত সাড়ে ১০টার দিকে আলোময় ও সোহেল তার ঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে তাকে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে নিয়ে যান। সেখানে তাকে মারধরের পর জবাই করে হত্যা করা হয়।

পরে লাশ গুমের উদ্দেশ্যে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে খরস্রোতা গঙ্গারাম নদীতে কাঠের সঙ্গে বেঁধে ফেলে দেওয়া হয় বলে মামলার অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় শান্তি লালের ঘনিষ্ঠ বন্ধু বিনয় শংকর চাকমা সাজেক থানায় হত্যা মামলা করেন।

আদালতের নাজির প্রসাদেব চাকমা বলেন, দুই আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত।