জামালপুরে ‘ছুরিকাঘাতে’ সাবেক ইউপি সদস্য খুন, আটক ৭
পুলিশ জানায়, তিনি জোড়া খুনের মামলায় ৩ নম্বর আসামি ছিলেন।
জামালপুরের মাদারগঞ্জে ‘ছুরিকাঘাতে’ সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাত জনকে আটক করেছে পুলিশ।
গত শনিবার রাত ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোড় গ্রামে এ ঘটনা ঘটে বলে মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক জানান।
নিহত ৫৮ বছর বয়সি জহুরুল হক ওই গ্রামের প্রয়াত আশরাফ প্রামাণিকের ছেলে। তিনি জোড়খালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন যুবলীগের (সাবেক) সহ সভাপতি ছিলেন। ফুলজোড় আতামারী বাজারে তার কাপড়ের দোকান আছে।
নিহতের ভাতিজা কায়সার আহমেদ সাংবাদিকদের জানান, তার চাচা দোকান বন্ধ করে প্রতিদিন রাত ৯টার মধ্যে বাড়ি ফিরতেন। কিন্তু শনিবার রাত ১১টার পর্যন্ত তিনি ফিরছিলেন না। তখন পরিবারের লোকজন খবর পান যে, বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ফুলজোড় মধ্যপাড়া সংলগ্ন একটি মাদ্রাসার কাছে তার লাশ পড়ে আছে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক সাংবাদিকদের জানান, খবর পেয়ে রাত ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পেট ও পিঠে ছুরিকাঘাতের আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সাবেক ওই ইউপি সদস্য ২০১৭ সালে ওই এলাকায় জোড়া খুনের একটি মামলায় ৩ নম্বর আসামি ছিলেন বলে পুলিশ জানায়।
