২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে রিমান্ডে থাকা আসামির মৃত্যু

চুরির মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য বাগেরহাট সদর থানায় নেওয়া হয়েছিল, বলছে পুলিশ।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 02:27 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

বাগেরহাটে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রিমান্ডে নিয়ে আনার পর এক আসামির মৃত্যু হয়েছে।

শুক্রবার ৮টায় বাগেরহাট ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান।

মৃত ২৬ বছর বয়সী মোজাফফর বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে।

পুলিশ সুপার বলেন, “গত ১৮ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি গ্রাম থেকে স্থানীয় গ্রামবাসী মোজাফফরসহ চার জনকে চোর সন্দেহে ধরে পুলিশে দেয়। পুলিশ তাদের ওই দিনই আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

“চুরির মামলায় বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চায় পুলিশ। বিচারক শুনানি শেষে চার জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের নির্দেশে তাদের জিজ্ঞাসাবাদের জন্য বাগেরহাট সদর থানায় নিয়ে আসা হয়।”

শুক্রবার ভোর ৬টার দিকে আসামি মোজাফফর গারদের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বলে পুলিশ সুপার আসাদুজ্জামান জানান।