মানিকগঞ্জে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
উজালার চাকরি করা নিয়ে স্বামী শিবলু সন্দেহ করতেন। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে তার স্বামীকে।
বৃহস্পতিবার সকালে বালিয়াটি ইউনিয়নের হাজীপুর গ্রামের এক বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস জানিয়েছেন।
নিহত ২৮ উজালা আক্তার ঢাকা জেলার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের সানোড়া গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে। তার স্বামী শিবলু (৩৬) হাজীপুর গ্রামের রহিম বাদশার ছেলে।
শিবলু পেশায় অটোভ্যান চালক আর উজালা স্বামীর বাড়িতে থেকে ধামরাইয়ের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ১৩ বছর আগে বিয়ে হওয়া এ দম্পতির দু’টি সন্তান রয়েছে।
স্থানীয় ও পরিবারে সদস্যদের বরাতে ওসি সুকুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উজালার চাকরি করা নিয়ে স্বামী শিবলু সন্দেহ করতেন। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
“বুধবার মাঝরাতে উজালার চিৎকারে আশপাশের লোকজন ওই বাড়িতে যান। তখন তারা উজালার রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ সময় শিবলু পলাতক ছিলেন।”
স্থানীয়রা খবর দিলে বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে সাটুরিয়া থানায় নিয়ে আসে পুলিশ। পরে তার স্বামীকে আটক করা হয়েছে।
নিহতের মা আনোয়ারা বেগম বলেন, “শিবলু ও ওর মা-বাবা আমার মেয়েকে মেরে ফেলেছে। এর আগেও আমার মেয়েকে মেরেছিল। স্থানীয় মেম্বার ও মাতব্বরেরা ওই ঘটনা মীমাংসা করে। পরে আমার মেয়েকে এনে ওরা পিটিয়ে হত্যা করল। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।”
এই ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি সুকুমার।
