ভোলায় ধাওয়া খেয়ে নদীতে পড়ে যুবক নিখোঁজ, ৪ পুলিশ বরখাস্ত
মেঘনায় ঝাঁপ দেওয়া চার জনের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও নোমান ডুবে যান।
ভোলার দৌলতখানে ধাওয়া খেয়ে মেঘনায় পড়ে নিখোঁজ এক যুবকের সন্ধান দুদিনেও মেলেনি।
এ ঘটনায় চার পুলিশকে বরখাস্ত করা হয়েছে বলে দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন জানিয়েছেন।
নিখোঁজ মো. নোমান (২৭) উপজেলার চর খলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আবুল কালাম বেপারীর ছেলে; তিনি পাতার খাল মাছঘাটে শ্রমিকের কাজ করেন।
বৃহস্পতিবার ধাওয়া খেয়ে মেঘনা নদীতে পড়ে নোমান নিখোঁজ হন।
বরখাস্ত হয়েছেন দৌলতখান থানার গাড়িচালক কনস্টেবল মো. রাসেল ও মো. সজীব, এসআই স্বরুপ কান্তি পাল ও এএসআই মো. সোহেল রানা।
তাদেরকে ভোলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে ওসি মো. জাকির হোসেন জানান।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে স্থানীয় শ্রমিক ইসমাইল, ফারুক, রুবেল ও নোমানসহ আরও ৭-৮ জন মেঘনা নদীর পাতার খাল মাছঘাট এলাকায় জুয়া খেলছিলেন। ওই সময় দৌলতখান থানার পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে ফারুক, ইসমাইল, রুবেল ও নোমান মেঘনা নদীতে ঝাঁপ দেন।
“এদের মধ্যে ফারুক, ইসমাইল ও রুবেল সাঁতরে তীরে উঠে আসতে পারলেও নোমান পানিতে ডুবে যান।”
ওসি জানান, এ ঘটনায় বৃহস্পতিবার গাড়ি চালক মো. রাসেল ও মো. সজীবকে এবং শুক্রবার এসআই স্বরুপ কান্তি পাল ও এএসআই মো. সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নদী থেকে তীরে ওঠা ফারুক ও রুবেল জানান, পুলিশের ধাওয়া খেয়ে তারা চারজন মেঘনা নদীতে পড়ে যান। এদের মধ্যে তারা তিন জন সাঁতরে তীরে উঠে যান। নোমান সাঁতরে তীরে উঠতে পারেননি।
দৌলতখান ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ডুবুরি দল নোমানকে উদ্ধারের চেষ্টা চালায়। শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত নোমানের কোনো সন্ধান না পাওয়ায় অভিযান সমাপ্ত করা হয়।
