২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অতিরিক্ত গরমে’ গাজীপুরে পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে আগুন

“সাব-স্টেশনে হঠাৎ বিকট শব্দ হয়ে অগ্নিকাণ্ড ঘটে। এলাকায় প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়।”

‘অতিরিক্ত গরমে’ গাজীপুরে পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে আগুন

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোনাবাড়ী জোনাল কার্যালয়ের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড ঘটে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2024, 08:51 PM

Updated : 25 Apr 2024, 08:51 PM

গাজীপুরে ‘অতিরিক্ত গরমে’ পল্লী বিদ্যুতের একটি সাব-স্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে; তবে এতে কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোনাবাড়ী জোনাল কার্যালয়ের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোনাবাড়ী জোনাল কার্যালয়ের ডিজিএম কামাল হোসেন সাংবাদিকদের বলেন, “সাব-স্টেশনে হঠাৎ বিকট শব্দ হয়ে অগ্নিকাণ্ড ঘটে। এলাকায় প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। পরে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।”

Image

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোনাবাড়ী জোনাল কার্যালয়ের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন জানিয়ে ডিজিএম বলেন, “অতিরিক্ত হিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পাওয়ার ট্রান্সফর্মার পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।”

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাওয়ার ট্রান্সফরমারসহ বিভিন্ন তার পুড়ে গেছে।