আর নির্বাচন নির্বাচন খেলা হবে না: ফখরুল
বুধবার বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “এখন আর কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না। আওয়ামী লীগ সরকারকে সব জায়গা থেকে পদত্যাগ করতে হবে এবং সংসদ বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।”
“নতুন নির্বাচন কমিশন হবে; সেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই হলো আমাদের কথা।”
বুধবার বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
এ সময় সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “এই বিনা ভোটের সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এবং চুরি, দুর্নীতির কারণে এসব হয়েছে। রিজার্ভ খেয়ে ফেলেছে, টাকা পাচার করেছে দেশের বাইরে। খাদ্যশস্য আমদানি কমে গেছে। আমদানি করার জন্য যে পরিমাণ ডলার দরকার সেই পরিমাণ ডলার নেই। রেমিট্যান্স পাঠানো কমে গেছে। এই সংকটের জন্য আওয়ামী লীগ সরকারই দায়ী।“
জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি অধিকার আদায়ের সংগ্রাম করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, “আমরা অধিকার আদায়ের সংগ্রামে পাঁচ নেতাকর্মীকে হারিয়েছি। তার আগে ৬০০ জনের বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে। খুন করা হয়েছে আরও অনেককে।”
“আমরা গণতন্ত্রের আন্দোলন করছি। এই লড়াই শেষ লড়াই। এই লড়াই ব্যক্তির বা দলের জন্য নয়। এই লড়াই জাতিকে রক্ষা করার জন্য।”
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। এতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহসাংগাঠনিক সম্পাদক এ এস ই ওবায়দুর রহমান চন্দন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ কে এম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন।
