নরসিংদীতে বাস চাপায় বাইক আরোহী ২ বন্ধুর মৃত্যু
ঈদ আনন্দ উপভোগ করতে তিন বন্ধু কিশোরগঞ্জের ভৈরবে বেড়াতে গিয়েছিলেন বলে জানান স্বজনরা।
নরসিংদীতে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু প্রাণ হারিয়েছেন; এতে আহত হয়েছেন আরেক আরোহী।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সদর উপজেলার দগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের গাউছিয়া সাঁওঘাট এলাকার গোলজার হোসেনের ছেলে শাহিন মিয়া (২৩) এবং শাহ আলম মিয়ার ছেলে সানি (২২)।
অপর আরোহী একই এলাকার সায়েমকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
স্বজনরা জানান, ঈদ আনন্দ উপভোগ করতে শাহিন, সানি ও সায়েম কিশোরগঞ্জের ভৈরবে বেড়াতে যান। ফেরার পথে বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলটি নিচে চলে যায়।
এতে ঘটনাস্থলেই সানি ও শাহিন মারা যান। গুরুতর সায়েমকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়।
মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ কর্মকর্তা ইলিয়াস।
