২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

মামলায় বলা হয়, তিনি নির্ধারিত বেতনভুক্ত কর্মচারী; দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ অর্জন ও অর্জনের উৎস গোপন করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 04:54 PM

Updated : 13 Jul 2023, 04:54 PM

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। 

মামলার বাদী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার বৃহস্পতিবার জানান, প্রধান কার্যালয়ের অনুমোদন পেয়ে গত ২৫ জুন মামলাটি করা হয়। ঘটনার সময় হিসেবে ২০০০ থেকে ২০২৩ সাল দেখানো হয়েছে। 

মামলার আসামি মো. ইব্রাহীম খলিল গাজীপুর মহানগরীর পূর্ব ভুরুলিয়া এলাকার প্রয়াত শহর আলী মোল্লার ছেলে। 

মামলার নথি থেকে জানা গেছে, ওই প্রকৌশলী অবৈধভাবে প্রায় দেড় কোটি টাকার সম্পদ অর্জন করে দখলে রাখেন। তিনি নির্ধারিত বেতনভুক্ত কর্মচারী হওয়া সত্ত্বেও তার বেতন-ভাতার বাইরে দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের উৎস আড়াল করার উদ্দেশ্যে তার অবৈধ আয়ের প্রকৃতি, উৎস, অবস্থান ও মালিকানা গোপন করেন।   

অনুসন্ধানের পর দুদক জানায়, ইব্রাহীম খলিল ও তার মেয়ে ইশরাত জাহান ইশার নামে ২ কোটি ৮৭ লাখ ২৪ হাজার টাকার স্থাবর সম্পদ আছে। এর মধ্যে তিনিসহ তার মেয়ের (ওই সময়ে মেডিকেলের তৃতীয় বর্ষের ছাত্রী) নামে কেবল ২০২০ সালেই ১ কোটি ১১ লাখ ৫৪ হাজার ১৫০ টাকার সম্পদ কিনেছেন। 

দুদক বলছে, আসামি ইব্রাহীম খলিলের নিজ নামসহ মেয়ে ইশার নামে কেনা মোট ২ কোটি ৮৭ লাখ ২৪ হাজার টাকার সম্পদের মধ্যে তিনি আয়কর নথিতে ১ কোটি ৪০ লাখ ১৪ হাজার ৯৯৫ টাকার স্থাবর সম্পদ দেখিয়েছেন। তিনি একজন সরকারি বেতনভুক্ত কর্মচারী। তার বেতন-ভাতার বাইরে ওই বিপুল পরিমাণ টাকার সম্পদ অর্জন সন্দেহজনক ও অবৈধ অর্থের লেনদেন বলে পরিলক্ষিত হয়। 

নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল সাংবাদিকদের জানান, তিনি উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিক হয়েছেন। তিনিসহ তার বাবার নামে বেশকিছু জমি হুকুম দখল হয়েছে। সেই সম্পদ থেকে তার আয় হয়েছে। যার বৈধ কাগজপত্র রয়েছে। 

মামলা আইনিভাবে মোকাবিলা করবেন বলেও জানান ইব্রাহিম।