২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির একদফা দাবি হাস্যকর, টাঙ্গাইলে কৃষিমন্ত্রী

“নির্বাচিত সরকার কোনোদিনই কারও দাবিতে পদত্যাগ করবে না।”

বিএনপির একদফা দাবি হাস্যকর, টাঙ্গাইলে কৃষিমন্ত্রী

টাঙ্গাইলে একদিনে একযোগে ১ লাখ গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 02:22 PM

Updated : 15 Jul 2023, 02:22 PM

নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিএনপির এক দফা দাবির আন্দোলন হাস্যকর বলে মনে করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। সেই সরকারের বিরুদ্ধে এক দফা দাবি, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি হাস্যকর। নির্বাচিত সরকার কোনোদিনই কারও দাবিতে পদত্যাগ করবে না।”

শনিবার সকালে টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রশাসনের উদ্যোগে পরিবেশ রক্ষায় একদিনে একযোগে ১ লাখ গাছের চারা রোপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

২০১৪-১৫ সালে দেশের মানুষ বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড দেখেছে উল্লেখ করে তিনি বলেন, “বিএনপির সন্ত্রাসকে এ দেশের জনগণ মোকাবেলা করেছে। তাদের কোনো আন্দোলনেই আর জনগণকে পাশে পাবে না। সবকিছুই সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের বাইরে কিছু করার কোনো সুযোগ নেই।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস অনুযায়ী দেশে ভালো নির্বাচন হবে বলেও প্রত্যাশার কথা জানান কৃষিমন্ত্রী।

তিনি বলেন, এজন্য সবাই মিলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে।

পরে কৃষিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে গাছের চারা বিতরণ করেন এবং জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন।

কর্মসূচী উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এরপর স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে আয়োজিত বৃক্ষরোপণ উৎসবে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ মামুন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসানুল বাসার, টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।