২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

‘অস্ত্র বানান, ২-১টা হত্যা হলেও দায় আমার’, ছড়িয়েছে চেয়ারম্যানের ভিডিও

ফরিদপুরের যদুনন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 07:19 PM

Updated : 22 Sep 2026, 07:19 PM

ফরিদপুরের সালথা উপজেলায় এক সভায় সমর্থকদের ‘অস্ত্র বানানোর’ নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠেছে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিরুদ্ধে।

সম্প্রতি সালথা উপজেলার উজিরপুর বাজারে যদুনন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে এ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে।

সেটি নজরে এসেছে জানিয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেছেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

ছড়িয়ে পড়া ভিডিওতে চেয়ারম্যানকে বলতে শোনা যায়, “যার যার অস্ত্র বানাইতে হবে।” বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, নেতৃত্বের অধীনে কিছু হলে এবং ‘দুইটা- পাঁচটা মার্ডার’ হলেও তার দায়ভার তিনি নেবেন।

ভিডিওতে চেয়ারম্যানকে সমর্থকদের নিজেদের এলাকায় প্রস্তুত থাকার কথাও বলতে শোনা যায়।

তবে চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এডিট করা। তিনি এ ধরনের বক্তব্য দেননি বলেও দাবি করেন।

তার ভাষ্য, সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

চেয়ারম্যান বলেন, তার দলের এক ভ্যানচালককে প্রতিপক্ষের লোকজন মারধর করে ভ্যান রেখে দিয়েছে। চাইলে দলীয় লোকজন নিয়ে ভ্যানটি উদ্ধার করতে পারতেন; কিন্তু তিনি তা না করে পুলিশের সহায়তা নিচ্ছেন।

এলাকায় শান্তি বজায় রাখতে তিনি চেষ্টা করছেন বলেও দাবি করেন।

এ বিষয়ে সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। চেয়ারম্যান সম্প্রতি এ ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া যায় কিনা, সে বিষয়েও আলোচনা করা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”