স্থায়ী ক্যাম্পাস দাবি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
দাবি পূরণ না হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপির অনুমোদনে ধারাবাহিক কর্মসূচি মধ্যে এবার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।
এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
ধারাবাহিক কর্মসূচি অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন শেষে এ ঘোষণা দেন তারা।
গত ২৬ জুলাই থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করলেও এবার তারা হাটিকুমরুল গোলচত্বরে এসে মানববন্ধন করেন।
একই দাবিতে এদিন সকাল থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আধাবেলা প্রশাসনিক কর্মবিরতি রেখে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।
হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান মিলন, হৃদয়, জাকারিয়া, সমুদ্র, মেরাজ ও হাসান বক্তব্য দেন।
পরবর্তী কর্মসূচি ঘোষণার সময় মিলন বলেন, স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের জন্য তারা লাগাতার নানা কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু সরকার বিষয়টি গুরুত্ব দিচ্ছে না।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাওয়া না যায়, তাহলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত শাহজাদপুরে রেখে যাওয়া ২২৫ একর জায়গা বরাদ্দ করে প্রায় নয় বছর আগে ২০১৬ সালের ২৬ জুলাই প্রতিষ্ঠা পায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। বর্তমানে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা নামে পাঁচটি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ২০০। ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী রয়েছে প্রতিষ্ঠানে।
শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজসহ ভাড়া করা দুটি বাড়িতে চলছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। সব সুবিধা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব ক্যাম্পাস নির্মাণের প্রকল্প জমা দিলেও তা অনুমোদন হয়নি।
সবশেষ ২০২৫ সালে ১০০ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয় ধরে নতুন প্রস্তাব পাঠানো হয়; যা একনেকে অনুমোদনের নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে ছিল। ১৬ জুন প্রকল্প এলাকা পরিদর্শনে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফিরে গিয়ে উপদেষ্টা এই স্থানে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না করার প্রস্তাবনা দেন।
ডিপিপি অনুমোদন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
