Published : 27 Jul 2025, 04:54 PM
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে ঘণ্টাব্যপী মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার সকাল ১০টা থেকে শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প প্রস্তাব-ডিপিপি অনুমোদন এবং পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন তারা।
এ ছাড়া দাবি পূরণ না হলে সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যকাডেমিক ভবন-৩ সংলগ্ন ঢাকা-পাবনা মহাসড়কে প্রতীকী ক্লাস গ্রহণ এবং মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।
সড়ক অবরোধের কারণে পাবনার সঙ্গে ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়াসহ উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারও মানুষ।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে জামায়াতে ইসলামী, নাসিম উদ্দিন মালিথা পরিষদ, শাহজাদপুর সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
এ ছাড়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম হাসান তালুকদার, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক সুমন কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ফিরোজ আহমদ কর্মসূচি চলাকালে উপস্থিত হলে শিক্ষার্থীরা তাদের হাতে নানা দাবি সম্বলিত প্লাকার্ড তুলে দেন।

বিক্ষোভে অংশ নিয়ে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের সভাপতি মির্জা হুমায়ুন বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য কোনো ভূমি অধিগ্রহণের প্রয়োজন নেই। রবীন্দ্রনাথের জমিতেই হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। তারপরও ডিপিপি অনুমোদনে বাধা কোথায় জানতে চেয়ে আজকের মধ্যে একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নির্মাণের ডিপিপি অনুমোদনের দাবি করেন তিনি।
বিক্ষোভে অংশ নেওয়া সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আট বছরেও স্থায়ী ক্যাম্পাস পায়নি। ভাড়া ভবনে চলছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি। ক্যাম্পাস না থাকায় শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীরা চরম দুর্ভোগের মধ্য শিক্ষা কার্যক্রম পরিচালিত করছেন। গত জানুয়ারি মাসে ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে নেমেছিলাম। সেই সময় সরকারের আশ্বাসে আমরা শ্রেণিকক্ষে ফিরে গিয়েছিলাম। তবে এবার বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

তিনি আরো বলেন, “পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রতি প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রতিবেদন জমা দিয়েছেন। এরপর একাধিক একনেক সভা হলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ডিপিপি এজেন্ডাভুক্ত হয়নি।”
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাফিলতি ও অনীহার কারণেই এখনো ডিপিপি একনেকে অনুমোদন হয়নি দাবি করে এই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি।