১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফের মহাসড়ক অবরোধ

এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2025, 06:41 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব-ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মহাসড়কে অবরোধ করে নানা কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় মহাসড়কের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। এতে চালক ও যাত্রীরা চরম দূর্ভোগের কবলে পড়েন। এ ছাড়া মহাসড়কের প্রভাবের কারণে শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন রাস্তায়ও যানজটের সৃষ্টি হয়।  

প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছেন। তবু দাবি পূরণ না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্যদিয়ে লাগাতার আন্দোলন করছেন তারা। 

আন্দোলনকারীদের অভিযোগ, সব শর্ত পূরণ ও প্রমাণ সরবরাহের পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপির অনুমোদন হয়নি। 

একই দাবিতে বুধবার মহাসড়কে অবস্থান কর্মসূচি, শেকল ভাঙার গান পরিবেশন ও প্রতিবাদী পাঠদান কর্মসূচি পালিত হয়েছে। এদিন আধাবেলা প্রশাসনিক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টার দিকে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম হাসান তালুকদারসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।