রাজবাড়ীতে মুরগি ব্যবসায়ীকে ‘গুলি করে হত্যা’
বিকালে একটি দোকানের সামনে বেঞ্চে বসে ছিলেন আরিফুল ইসলাম। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে।
রাজবাড়ী সদর উপজেলায় এক মুরগি ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুরাজ মোহিনী ইনিস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে বলে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শওকত আলী জানান।
নিহত আরিফুল ইসলাম রকি (২৫) খানখানাপুর সর্দারপাড়া গ্রামের রাজ্জাক শেখের ছেলে। তিনি একজন মুরগি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে শওকত আলী জানান, বিকালে সুরাজ মোহিনী ইনিস্টিটিউটের সামনে একটি দোকানের বেঞ্চে বসে ছিলেন আরিফুল ইসলাম রকি। এ সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
হত্যার কারণ ও ঘটনায় জড়িতদের খোঁজা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
