২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ধর্ষণ ও শ্লীলতাহানির দুই মামলা, গ্রেপ্তার ১

মদন থানার শ্লীলতাহানির মামলায় একজন গ্রেপ্তার হয়েছেন; কেন্দুয়া থানার ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করা যায়নি।

নেত্রকোণায় ধর্ষণ ও শ্লীলতাহানির দুই মামলা, গ্রেপ্তার ১

প্রতিকী ছবি

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 10:58 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

নেত্রকোণার মদনে স্কুলছাত্রীর শ্লীলতাহানির মামলায় এক যুবক গ্রেপ্তার হয়েছেন। এছাড়া কেন্দুয়া উপজেলায় আরেক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ মামলা হয়েছে।

মদনের কাইটাইল ইউনিয়নের দশ আশি গ্রামের বাড়ি থেকে বৃহস্পতিবার সন্তোষ নমদাসের ছেলে সঞ্জীব নমদাসকে (২৪) গ্রেপ্তার করা হয়।

কেন্দুয়ার ধর্ষণ মামলার আসামি শহীদুল ইসলাম (৫০) উপজেলার দলপা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে। তাকে গ্রেপ্তার করা যায়নি।

মামলার বরাতে দিয়ে মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, বুধবার সকালে সপ্তম শ্রেণির এক ছাত্রী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে কিছুদূর গেলে সঞ্জীব তাকে কুপ্রস্তাব দিয়ে টানা-হেঁচড়া শুরু করেন।

“এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে সঞ্জীব পালিয়ে যান।”

এ ঘটনায় মেয়েটির বাবা থানায় মামলা করেছেন বলে ওসি জানান।

কেন্দুয়া থানার মামলার বরাতে ওসি আলী হোসেন জানান, সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শহীদুল ইসলামের বসতঘরে পাশে দিয়ে স্কুলে যেতে হয়। সম্প্রতি মেয়েটিকে কৌশলে তার বসতঘরে নিয়ে ধর্ষণ করেন শহীদুল। পরে ভয়ভীতি দেখিয়ে আরও কয়েকবার ধর্ষণ করেন। সর্বশেষ বুধবার ফের ধর্ষণের শিকার হলে বিষয়টি জানাজানি হয়।

ওসি জানান, বৃহস্পতিবার মেয়েটির বাবা থানায় মামলা দায়ের করেন। আসামিকে ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে।