গাজীপুরে রিসোর্ট থেকে উদ্ধার চিতাবিড়াল, হরিণ ও বানর
“গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে প্রাণীগুলোকে হস্তান্তর করা হয়েছে।”
গাজীপুরের সদর উপজেলায় একটি রিসোর্টে অভিযান চালিয়ে চিতাবিড়াল, বানর এবং আটটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার পিরুজালী এলাকায় ‘আদুরী কুঞ্জ পিকনিক স্পট ও রিসোর্টে’ অভিযান পরিচালনা করা হয় বলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানান।
তিনি বলেন, এ ছাড়াও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় এক বিক্রেতার কাছ থেকে দুইটি হনুমান এবং একটি দোকান থেকে ২০টি টিয়া ও ১২টি ঘুঘু উদ্ধার করা হয়েছে।
আব্দুল্লাহ আস সাদিক বলেন, “পিরুজালী এলাকায় বিভিন্ন রিসোর্ট ও পিকনিক স্পটে গড়ে উঠেছে মিনি চিড়িয়াখানা। এসব স্থানে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বন্যপ্রাণী অবৈধভাবে সংগ্রহ ও প্রদর্শন করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আদুরী কুঞ্জ পিকনিক স্পট ও রিসোর্টে অভিযান চালানো হয়।”
এ সময় একটি চিতাবিড়াল, বানর এবং আটটি চিত্রা হরিণ উদ্ধার করা হয় বলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক জানান।
পরিদর্শক আব্দুল্লাহ বলেন, “সোমবার রাতে গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে প্রাণীগুলোকে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করতে বন অধিদপ্তর আরও কঠোর নজরদারি ও অভিযান চালিয়ে যাবে।”
