২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেঞ্চুগঞ্জে সার কারখানায় ‘টেন্ডার ছিনতাই’, ঠিকাদারকে অবরুদ্ধের অভিযোগ

তবে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিষয়টি অস্বীকার করেছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 02:21 PM

Updated : 18 Jan 2024, 02:21 PM

সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানায় প্রকাশ্যে টেন্ডার ছিনতাই ও ঠিকাদারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কারখানাটির প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে বলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাজী আবদুল করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আবদুল ওয়েছ স্বপন অভিযোগ করেন।

স্বপনের দাবি, তাকে অবরুদ্ধ করে রাখা হয়; পরে পুলিশ গিয়ে উদ্ধার করে।

এদিন বেলা ৩টার দিকে ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনিসহ কয়েকজন ঠিকাদার।

সেখানে লিখিত বক্তব্যে আবদুল ওয়েছ স্বপন বলেন, “শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ইউরিয়া ফরমাল ভি হাইডের খালি প্লাস্টিকের ড্রাম বিক্রির দরপত্র আহ্বান করা হয়। এই দরপত্রে ১ হাজার ৬৫ টাকা ড্রামপ্রতি দর ধরে আমি দরপত্র জমা দিই।”

তার অভিযোগ, “জমা দেওয়ার পর পরই ফেঞ্চুগঞ্জের রাজনৈতিক নেতাকর্মীরা এসে টেন্ডার বাক্স ছিনিয়ে নিয়ে আমাকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। এ সময় যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে প্রাণনাশের হুমকি দেন। দুই ঘণ্টা পর পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে।”

তিনি লিখিত বক্তব্যে আরও দাবি করেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ ছাড়াও বেশকিছু নেতাকর্মী সংঘবদ্ধভাবে টেন্ডার বাক্স ছিনতাই ও তাকে অবরুদ্ধ করেন।

সংবাদ সম্মেলনে ছিলেন ঠিকাদার আবদুল্লাহ আল ফুয়াদ, নজরুল ইসলাম মানিক ও গোবিন্দ্র চন্দ্র দাস।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রেজান আহমদ শাহ বলেন, “আমি এসব বিষয়ে কিছুই জানি না। আমি কোনো শিডিউল কিনিনি। দুপুরের দিকে একবার সার কারখানায় এলাকায় গিয়েছিলাম, সেখানে চিৎকার-চেঁচামেচি শুনেছি। কিন্তু ঘটনা কী ঘটেছে, আমি তার কিছু জানি না। বিষয়টির সঙ্গে অযথা আমাকে জড়ানো হচ্ছে।”

মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু বলেন, “ব্যবসায়িক কারণে পূর্ব শত্রুতার জের ধরে ঠিকাদার স্বপন এসব অভিযোগ করছেন। বরং স্বপনসহ আরও কয়েকজন ঠিকাদার মিলে টেন্ডারে সিন্ডিকেট করতে চেয়েছিল।”

এ বিষয়ে জানতে সার কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াবুল হোসেনকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা সাড়া মেলেনি।