২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ-হত্যার অভিযোগে মামাতো ভাই গ্রেপ্তার

বিয়ের জন্য চাপ দেওয়ায় ধর্ষণের পর মাটির চাকা দিয়ে মাথায় আঘাত করে ওই নারীকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।  

ঝালকাঠিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ-হত্যার অভিযোগে মামাতো ভাই গ্রেপ্তার

বুধবার দুপুরে বাড়ির পাশের একটি ফসলের ক্ষেত থেকে বুদ্ধি প্রতিবন্ধী স্মৃতির অর্ধনগ্ন ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2023, 04:45 PM

Updated : 30 Apr 2023, 04:45 PM

ঝালকাঠির নলছিটি উপজেলায় ফসলের মাঠ থেকে বুদ্ধি প্রতিবন্ধী নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তার মামাতো ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে, বিয়ের জন্য চাপ দেওয়ায় ধর্ষণের পর ওই নারীকে মাথায় আঘাত করে হত্যা করেছে তার মামাতো ভাই মো. বাপ্পি সরদার।

রোববার দুপুরে ঝালকাঠি নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, শনিবার রাতে ধর্ষণ ও হত্যায় একমাত্র অভিযুক্ত হিসেবে মো. বাপ্পি সরদার ওরফে তুষার সরদার বাপ্পিকে নলছিটি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বাপ্পি সরদার (২৪) নলছিটি উপজেলার মধ্য কামদেবপুর গ্রামের মো. ফেরদৌস সরদারের ছেলে। নিহত স্মৃতি আক্তার (৩৫) পাশের গ্রাম পশ্চিম কামদেবপুরের মৃত মতিউর রহমানের মেয়ে।

বুধবার দুপুরে বাড়ির পাশের একটি ফসলের ক্ষেত থেকে বুদ্ধি প্রতিবন্ধী স্মৃতির অর্ধনগ্ন ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশ সুপার টুটুলের নেতৃত্বে তদন্তে নামে জেলা পুলিশ।

রোববার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তারের পর বাপ্পি তার ফুপাতো বোন স্মৃতিকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেছে।

বাপ্পির বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, দীর্ঘদিন ধরে বাপ্পি ও স্মৃতির মধ্যে সম্পর্ক চলছিল। মঙ্গলবার রাতে বাপ্পির ডাকে স্মৃতি বাড়ির পাশের ফসলের মাঠের কাছে একটি জঙ্গলে যায়। সেখানে স্মৃতিকে ধর্ষণ করে বাপ্পি।

“এ সময় স্মৃতি বিয়ের জন্য চাপ দিলে বাপ্পি মাটির চাকা দিয়ে মাথায়, পেটে এবং বুকে আঘাত করে স্মৃতিকে হত্যা করে পালিয়ে যায়।”

এ ঘটনায় গ্রেপ্তার বাপ্পিকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশ সুপার।