২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

তার বিদায়কে স্মরণীয় করে রাখতেই এ আয়োজন বলে জানান বিদ্যালয়টির এক সহকারী শিক্ষক।

লালমনিরহাটে ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

শেষ দিনে প্রধান শিক্ষক মজিবর রহমানকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2023, 12:25 AM

Updated : 03 Feb 2023, 02:09 PM

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়িতে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া নীলকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষক মজিবর রহমান এ সংবর্ধনা পান।  

এ সময় ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাকে বিদায় জানান প্রতিষ্ঠানটির সহকর্মী ও শিক্ষার্থীরা।

বিদায়ী প্রধান শিক্ষক ওই উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার ছিল বিদ্যালয়ে তার শেষ কর্ম দিবস। শেষ দিনে তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়। 

Image

ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানান তার সহকর্মী ও শিক্ষার্থীরা।

এর আগে তার সম্মানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়টির সহকারী শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ছিলেন- কালীগঞ্জ উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আ ব মোকতাদের বিল্লাহ্, রনবীর কুমার রায়, যোগেন্দ্রনাথ সেন।

এ সময় স্থানীয় বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিদায়ী প্রধান শিক্ষক মজিবর রহমান তার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি বিদায় নিচ্ছি, কিন্তু আমার দোয়া রেখে গেলাম। তোমরা লেখাপড়া করে যখন অনেক বড় হবে, তখন আমাদের কথা মনে পড়বে। তোমরা নিজেদের মানবিক হিসেবে গড়ে তুলবে।

বিদ্যালয়টির আরেক সহকারী শিক্ষক আঁখিরুজ্জামান। তিনি বলেন, মজিবর রহমান শুধু প্রধান শিক্ষকই ছিলেন না, তিনি আমার ভাইয়ের মত। যেকোনো বিষয়ে আমি তার পরামর্শ নিতাম। বিদায় বড় কষ্টের, তবুও মানতে হবে। আমাকেও একদিন বিদায় নিতে হবে। তার বিদায়কে স্মরণীয় করে রাখতেই এ আয়োজন বলে জানান আঁখিরুজ্জামান।

কালীগঞ্জ উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়।

তিনি বলেন, “একজন শিক্ষক যখন তার চাকরিজীবন শেষে বাড়ি ফিরে যান তখন অনেক কষ্ট পান। সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে চলে যাওয়া খুবই কষ্টের। বিদায়ের কষ্ট কিছুটা কমানোর জন্যই কর্তৃপক্ষ ব্যতিক্রমী এমন আয়োজন করেছে। কালীগঞ্জে এই প্রথম এমন উৎসবের বিদায়।

শুধু মজিবর রহমান নয়, প্রতিটি শিক্ষকের বিদায় এমন হওয়া উচিত বলে মনে করেন এ শিক্ষা কর্মকর্তা।