তাড়াশে গোয়ালের দরজা ভেঙে কৃষকের ৬ গরু চুরি
চুরি হওয়া গরুর দাম প্রায় ৫ লাখ টাকা বলে দাবি করেন মালিক।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গোয়াল ঘরের দরজার তালা ভেঙে কৃষকের ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতে উপজেলার তালম ইউনিয়নে রোকনপুর গ্রামে কৃষক আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম জানান।
আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে তার আটটি গরু গোয়ালঘরে বেঁধে দরজা তালাবদ্ধ করে রেখে ঘুমাতে যান। ভোরে উঠে দেখেন, গোয়ালের দরজার তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখেন, ছয়টি গরুই নেই।
সঙ্গে সঙ্গে গ্রামবাসীর সহায়তায় খোঁজাখুঁজি করেও গরুগুলো তিনি পাননি। চুরি হওয়া গরুর দাম প্রায় ৫ লাখ টাকা বলে দাবি করেন তিনি।
ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি হওয়া গরু উদ্ধার ও চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
