১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

পুলিশ জানায়, এ ঘটনায় মঙ্গলবার রাতে উভয় পক্ষ পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে।

যুবদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
মানিকগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলায় মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2025, 02:45 PM

Updated : 26 Aug 2026, 11:57 AM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। 

বুধবার হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান জানান, সোমবার মধ্যরাতে কোকরহাটি গ্রামে বলড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইউসুফ আলীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল করিম হামলা করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় মঙ্গলবার রাতে ইউসুফ আলী এবং আব্দুল করিমের পক্ষ থেকে দুটি লিখিত অভিযোগ করা হয়েছে।  

ইউসুফ আলী বলেন, “বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামের আব্দুল করিম, মো. সুজন, সাইফুল,  মাসুদ, মো. রতন, মানিক, সোহেল, রুবেল, সজল ও রিংকুর নেতৃত্বে পাঁচ-সাতজন সোমবার রাত ১১টার দিকে দেশীয় অস্ত্রসহ আমার বাড়ির গেট ভেঙে ফেলে। 

“তারা ঘরে ঢুকে প্রথমে আমার স্ত্রীকে মারধর করে। এরপর মোটরসাইকেল ভাঙচুর ও আলমারি ভেঙে তিন লাখ টাকা নিয়ে যায়।”

অভিযোগ সত্য নয় দাবি করে বলড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল করিম বলেন, “আমার ভাগ্নেকে ইউসুফ চাচার ছেলে নিবিড় আগে মারধর করে। সেই বিষয়ে জানতে আমি ওই বাড়িতে যাই। তখন নিবিড়সহ কয়েকজন কিশোর গ্যাং আমাদের উপর হামলা করে।

“আমরা মোটরসাইকেলসহ কোনো কিছুই ভাঙচুর করিনি। আর কোনো নারীকে মারধরও করিনি। আমার ভাগ্নেকে মারধরের ঘটনায় আমরাও মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”

ইউসুফ আলীর বড় ছেলে আবির হোসেন বলেন, “ব্যাটমিন্টন খেলা নিয়ে শীতের সময় আমাদের সঙ্গে করিম ভাইয়ের লোকজনের ঝামেলা হয়েছিল। সেই ঘটনার জেরে কয়েকদিন ধরে করিম ভাইয়ের কিশোর বয়সি ভাগ্নে নিয়মিত আমার ছোট ভাই নিবিড়কে ফোনে মারধর করাসহ দেখে নেওয়ার হুমকি দিচ্ছে।

মানিকগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা চালানো হয়েছে। 

মানিকগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা চালানো হয়েছে।

“পরে ঘটনার দিন রাতে ওই ছেলের সঙ্গে আমার ছোট ভাইয়ের দেখা হয় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময়। সেসময় আমার ভাই তার কাছে জানতে চায় কেন সে হুমকি দিয়েছে। তখন তাদের মাধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আমার ভাই তাকে একটি থাপ্পর দেয়। ”

তিনি বলেন, “এ ঘটনায় ওইদিন রাতেই আমার মাকে করিমের লোকজন মারধর করে। আমাদের মোটরসাইকেল ভাঙচুর করে এবং আমার বাবার মাল কেনার তিন লাখ টাকা নিয়ে যায়।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম আহমেদ বলেন, “গতকাল রাতে আমি ঘটনা শুনেছি।”

ওসি মুমিন খান বলেন, “দুটি পক্ষেরই পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”