১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৭টি মোবাইল ও টাকা ছিনতাই

ছিনতাইকারীরা মুখোশ পরা ছিল তাই কাউকে চিনতে পারেননি বলে জানান ব্যবসায়ী।

নেত্রকোণায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৭টি মোবাইল ও টাকা ছিনতাই
আহত শওকত মিয়া নেত্রকোণার দুর্গাপুরউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2025, 01:24 PM

Updated : 26 Aug 2026, 12:18 PM

নেত্রকোণার দুর্গাপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় সাড়ে পাঁচ লাখ টাকা ও ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন ব্যবসায়ী। 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরের সাদামাটির পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান।

আহত শওকত মিয়া (২৭) ওই ইউনিয়নের জগৎকুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য তাইজ উদ্দিনের ছেলে। বিপিনগঞ্জ বাজারে তার মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোডের দোকান আছে।  

তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

শওকত মিয়া বলেন, প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে সাদামাটি পাহাড় এলাকায় পৌঁছালে দুইজন মুখোশপরা ব্যক্তি ধারালো অস্ত্র ঠেকিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে দোকানের নগদ সাড়ে পাঁচ লাখ টাকা ও ১৭টি মোবাইল ছিল। 

তিনি আরও জানান, এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে তার হাতে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। 

ছিনতাইকারীরা মুখোশ পরা ছিল তাই কাউকে চিনতে পারেননি বলেও জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদ্দাম হোসেন বলেন, “ব্যবসায়ী শওকত মিয়াকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এ ব্যাপারে ওসি মাহমুদুল হাসান বলেন, “ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।” 

এছাড়া থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।