পঞ্চগড়ে ওয়ার্ড বয়কে দিয়ে ‘অস্ত্রোপচার’, ক্লিনিক মালিক কারাগারে
মেয়াদোত্তীর্ণ কাগজপত্র দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত করায় সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পঞ্চগড়ের বোদায় একটি ক্লিনিকে ওয়ার্ড বয়কে দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্লিনিক মালিককে আটক করেছে যৌথ বাহিনী। তবে ওয়ার্ড বয়কে আটক করা সম্ভব হয়নি।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ কাগজপত্র দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত করায় সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে আটকের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান বোদা থানার ওসি মো. আজিম উদ্দীন।
মঙ্গলবার সন্ধ্যায় বোদা পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিমন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ এই অভিযান পরিচালনা করেন।
কারাগারে যাওয়া উজ্জ্বল সরকার (৫৫) ‘নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’র মালিক এবং পৌর এলাকার নগর কুমারী এলাকার বিধূভুষনের ছেলে। পলাতক ওয়ার্ড বয় অভি সরকার একই এলাকার নিখিল চন্দ্র সরকারের ছেলে।
ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিমন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ক্লিনিকটির বিরুদ্ধে ওঠা নানা অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ক্লিনিক মালিককে আটক করে বোদা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় বোদা থানার স্যানিটারি ইন্সপেক্টর বাদী হয়ে ক্লিনিক মালিক ও ওয়ার্ড বয়ের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলায় বলা হয়েছে, ২১ জুলাই উপজেলার আমতলা কাজীপাড়া পেয়াদাপাড়া এলাকার জামাল হোসেনের স্ত্রী কোহিনূর বেগম পেটে টিউমার জনিত চিকিৎসার জন্য ‘নিরাময় নার্সিং হোমে’ যান। সেখানে ওয়ার্ড বয় অভি সরকার নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে কোহিনুরের টিউমার অপারেশন করেন।
পরে ২৭ জুলাই অন্তঃসত্ত্বা এক নারী চিকিৎসার জন্য ওই ক্লিনিকে ভর্তি হন। সেখানে ওই নারীর প্রসব বেদনা উঠলে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। ক্লিনিকে সব সুযোগ-সুবিধা থাকার পরও বিলম্ব করতে থাকে কর্তৃপক্ষ। এক পর্যায়ে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে যেতে বলা হয়। পঞ্চগড় হাসপাতালেও সময়মত অস্ত্রোপচার না হওয়ায় ওই নারী একটি মৃত সন্তান প্রসব করেন।
এ ছাড়া নিরাময় নার্সিং হোমের বিরুদ্ধে চিকিৎসক ছাড়াই অস্ত্রোপচার, পরীক্ষা না করেই প্রতিবেদন, নিয়মিত চিকিৎসক না থাকায় প্রতিষ্ঠানের মালিক নিজেই ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেছেন সেবা গ্রহীতারা।
বোদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফুল কবির বলেন, অভিযানে সময় ক্লিনিক কর্তৃপক্ষ লাইসেন্সসহ কোনো ধরনের আপডেট কাগজপত্র দেখাতে পারেনি। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
ওসি আজিম উদ্দীন বলেন, পলাতক ওয়ার্ড বয় অভি সরকারকে আটকের চেষ্টা চলছে। দুপুরে উজ্জ্বলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে দুপুরে নিরাময় নার্সিং হোমের মালিক উজ্জ্বলের নিঃশর্ত মুক্তির দাবিতে পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।
