জয়পুরহাটে শেখ হাসিনার বিরুদ্ধে আরেক হত্যা মামলা
এর আগে রোববারও জয়পুরহাটে সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে।
জয়পুরহাট সদর থানার সামনে গুলিতে যুবক নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নিহত মেহেদী শেখের (২৫) স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি বাদী হয়ে জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন বলে বাদীর আইনজীবী আব্দুল মোমিন ফকির জানান।
নিহত মেহেদী শহরের নতুনহাট এলাকার প্রয়াত আলতাফ হোসেন শেখের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২১৭ জনকে আসামি করা হয়েছে।
এর আগে জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল নিহতের ঘটনায় রোববার একই আদালতে শেখ হাসিনাসহ ১২৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে।
এদিকে, মঙ্গলবারের মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে আদালতের জ্যেষ্ঠ বিচারক আতিকুর রহমানে জয়পুরহাট সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছে বলে আইনজীবী আব্দুল মোমিন ফকির জানান।
মামলার নথি থেকে জানা গেছে, গত ৫ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর শত শত ছাত্র-জনতা জয়পুরহাট সদর থানার বাইরে অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
কিছুক্ষণ পর থানার নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে এলে বিক্ষুব্ধ জনতা আরো ক্ষিপ্ত হয়ে থানার ভেতরে প্রবেশ করেন।
তখন থানায় আগে থেকে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীরা হাত বোমা ও গুলি ছুড়লে মেহেদী শেখ গুলিবিদ্ধ হন। হাসপাতালের নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
আরও পড়ুন:
