জয়পুরহাটে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা
মামলার আসামি হিসেবে শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা আছে।
জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
রোববার বিকালে নিহত বিশালের বাবা মুজিদুল সরকার বাদী হয়ে সদর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন বলে তার আইনজীবী আব্দুল মোমেন ফকির জানান।
মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক জাতীয় সংসদের সাবেক হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সাবেক সংসদ সদস্য শামসুল আলম দুদুসহ ১২৮ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা ছাড়াও জনপ্রতিনিধিরা আছেন।
ওই আদালতের বিচারক আতিকুর রহমান সদর থানার ওসিকে মামলাটি নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দেন বলে বাদী পক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির জানান।
প্রবল গণআন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া ১১তম মামলা এটি।
রংপুরে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে মহানগর বিচারিক হাকিম আদালতে হত্যা মামলা হয়।
এদিন ঢাকার কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও ওমর ফারুক হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
এ ছাড়া শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ৫ অগাস্ট গুলিবিদ্ধ হয়ে আবুল হাসান স্বজন নিহতের ঘটনায় শনিবার রাতে সদর মডেল থানার শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
এদিন ভোররাতে চট্টগ্রামের বহদ্দারহাটে গুলিতে নিহত কলেজ ছাত্র তানভির ছিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ চট্টগ্রামের চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।
এর আগে চার দিনে ঢাকায় তার বিরুদ্ধে পাঁচটি মামলা হয়, যার মধ্যে চারটি হত্যা মামলা, অন্যটি দায়ের হয়েছে অপহরণ ও নির্যাতনের অভিযোগে।
এর বাইরে বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেনের নিহতের ঘটনায় শুক্রবার হত্যা মামলা করা হয়েছে সদর থানায়।
এ ছাড়া কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
