Published : 19 Aug 2024, 02:16 PM
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গুলিতে ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) আরিফ হোসেন বলেছেন, নিহত ছাত্র ওয়াসিম আকরামের মা জোসনা বেগম রেববার রাতে পাঁচলাইশ থানায় মামলাটি করেন।
মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুকে আসামি করা হয়েছে।
নারায়ণগঞ্জে আরেক হত্যা মামলা: হাসিনা, শামীম ওসমানসহ আসামি ৬২
'চলে আসুন ষোলশহর' পোস্ট দেওয়ার ৪ ঘণ্টা পর ওয়াসিমের মৃত্যু
এছাড়া যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, নগরীর বিভিন্ন ওয়ার্ডের ১৪ জন ওয়ার্ড কাউন্সিলরসহ ১০৮ জনের নাম রয়েছে আসামির তালিকায়।
এজাহারে বলা হয়েছে, গত ১৬ জুলাই ওয়াসিম আকরাম ছাত্র জনতার সমাবেশে অংশ নিতে বারকোড রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ ‘ইন্ধনে’ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ক্যাডাররা অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা নিয়ে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে সমাবেশে হামলা চালায়। ওয়াসিমের বুকে ও নাভিতে হামলাকারীদের ছোড়া গুলি লাগে।
মামলার এজাহারে বাদী জোসনা বেগম বলেছেন, তার ছেলে আকরাম ছিলেন চট্টগ্রাম কলেজের ছাত্র।
সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৬ জুলাই আন্দোলনকারীদের সঙ্গে সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ওইদিন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম আকরাম এবং ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত, মুরাদপুর এলাকার স্টিল ফার্নিচার দোকানের শ্রমিক মো. ফারুক নিহত হন।
এবার চট্টগ্রামে ছাত্র হত্যার মামলায় শেখ হাসিনা আসামি
মৃত্যুর পর ওয়াসিম আকরামকে নিজেদের কর্মী দাবি করে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছিলেন।
ছাত্রজনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট শেষ হাসিনা সরকারের পতনের পর এ নিয়ে তার বিরুদ্ধে মোট ১৪টি মামলা হল। এর মধ্যে চট্টগ্রামে এটি দ্বিতীয় মামলা।
প্রথম মামলাটি দায়ের করা হয় বহদ্দারহাটে গুলিতে এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনায়। শেখ হাসিনা এবং তার সরকারের শিক্ষামন্ত্রী নওফেলসহ ৩৪ জনের নাম আসে সেই মামলার আসামির তালিকায়।