২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ২৭ কি‌লো‌মিটার জুড়ে যানজট

বঙ্গবন্ধু সেতু‌র পূর্বপার থেকে টাঙ্গাইলের সদর উপজেলার আশেকপুর বাইপাস পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকা-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ২৭ কি‌লো‌মিটার জুড়ে যানজট

ঢাকা-টাঙ্গ‌াইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে যানজটে আটকে থাকা গাড়ির সারি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2023, 09:54 AM

Updated : 28 Jun 2023, 09:54 AM

সেতুর ওপর দুর্ঘটনা ও গা‌ড়ির চাপ বাড়ায় ঢাকা-টাঙ্গ‌াইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের ২৭ কি‌লো‌মিটার জুড়ে যানজ‌টের সৃষ্টি হ‌য়ে‌ছে। 

বুধবার ভোর ৪টা থেকে বঙ্গবন্ধু সেতু‌র পূর্বপার থেকে টাঙ্গাইলের সদর উপজেলার আশেকপুর বাইপাস পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান।

মহাসড়কে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের বরাতে তিনি জানান, মহাসড়‌কে পরিবহ‌নের সংখ‌্যা বৃ‌দ্ধি, সেতুর উপরে পরপর দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়াভা‌বে গাড়ি চালানোর কারণে এই যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। 

ওসি জাহিদ জানান, ভোরে বঙ্গবন্ধু সেতুর উপর সংঘর্ষ ও এক পিকআপ গাড়ি বিকল হয়। পিকআপটি সরাতে এক ঘণ্টার বেশি সময় লাগে। এতে ভোর সোয়া ৪টা থেকে ৪টা ৫৩ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।

এর আগেও রাতে কয়েক বার টোল আদায় বন্ধ রাখা হয়। এতে মহাসড়‌কে যানজট শুরু হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে।

প‌রিবার নি‌য়ে খোলা ট্রা‌কে গন্ত‌ব্যে রওয়ানা হওয়া মোশারফ হো‌সেন বলেন, “বাস না পেয়ে ট্রা‌কে উঠে‌ছি কিন্তু বৃ‌ষ্টি বিপা‌কে ফে‌লে‌ছে। এই বৃ‌ষ্টি হ‌চ্ছে- এই হ‌চ্ছে না। রাতে কোনাবা‌ড়ি থে‌কে গা‌ড়ি‌তে উঠে‌ছি এখন সকাল ৭টা বা‌জে এলেঙ্গা‌তে আছি।”

সড়কে  আটকে থাকা বা‌সের চালক মোশারফ হোসেন বলেন, “ঢাকা থে‌কে যানজট ঠে‌লে আস‌তে‌ছি।  চার‌লেন হ‌লেও এলেঙ্গার যানজট মহাসড়‌কে গি‌য়ে ঠে‌কে‌ছে।”

দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে জানিয়ে ওসি জাহিদ হাসান বলেন, “গাড়ির টান শুরু হয়েছে আশা করি দ্রুত সময়ের মধ্যে সড়ক স্বাভাবিক হবে।”