ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি পোশাক শ্রমিকদের
মানববন্ধনে বক্তারা বলেন, পাঁচ বছর অতিবাহিত হলেও মজুরি বোর্ড এখন পর্যন্ত নতুন মজুরি ঘোষণা করছেনা।
ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা।
শুক্রবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের উলাইল বাস স্ট্যান্ডে এ দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাস-বিদ্যুৎ বিল, বাড়ি ভাড়া, নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে শ্রমিকরা আজ দিশেহারা। অথচ পাঁচ বছর অতিবাহিত হলেও মজুরি বোর্ড এখন পর্যন্ত নতুন মজুরি ঘোষণা করছেনা।
সরকারি হিসেবে মূল্যস্ফীতি বছরে ১৫ ভাগ আর ডলারের বাড়তি মূল্যে নিত্যপণ্যের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে জানান শ্রমিকরা।
আগামী অক্টোবরের মধ্যে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা, ১০ ভাগ ইনক্রিমেন্ট, বেসিক ৬৫ ভাগ ও সাতটি গ্রেড থেকে কমিয়ে পাঁচটি গ্রেড ঘোষণার দাবি জানান সংগঠনটির সাভার উপজেলা কমিটির সভাপতি এমদাদুল ইসলাম এমদাদ।
নেতারা বলেন, অক্টোবরের মধ্যে মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা করা না হলে সারা দেশের সকল শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কবির খান মনির, সহসভাপতি রিপন খান, সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব ও সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
