কোটা: রাবির হলে হলে কক্ষ ভাঙচুরের নেপথ্যে কারা
বঙ্গবন্ধু হলে কক্ষ ভাঙচুর, বাইক ও জিনিসপত্র পুড়িয়ে দেওয়ার ঘটনায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম মিয়া বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি মামলা করেন।
কোটা সংস্কারের আন্দোলন চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীরা দুই দিন আবাসিক হলগুলোর কক্ষে কক্ষে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছেন। যেসব কক্ষে হামলার ঘটনা ঘটেছে তার অধিকাংশই ছাত্রলীগের নেতাকর্মীরা থাকতেন।
ছাত্রলীগ, আন্দোলনকারী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের হামলার সঙ্গে জড়িত নন; ‘এটি তৃতীয় কোনো পক্ষের কাজ’।
ছাত্রলীগের পক্ষ থেকে প্রায় আড়াইশ কক্ষে এমন তাণ্ডব চালানোর অভিযোগ করা হলেও প্রত্যক্ষদর্শীদের ধারণা, শতাধিক কক্ষে হামলা-ভাঙচুর করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এর সঙ্গে যুক্ত হয়ে সড়ক অবরোধ, রেলপথ অবরোধ, পদযাত্রাসহ নানা ধরনের কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কার্যত স্থবির হয়ে পড়ে। এর মধ্যে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ উঠে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে।
এক পর্যায়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত রাজশাহীর শিক্ষার্থীরাও ফুঁসে ওঠেন। পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
অন্দোলন চলাকালে ১৬ ও ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাদার বখস্, মতিহার হল, শহীদ হবিবুর রহমান, নবাব আব্দুল লতিফ, শাহ মখদুম, শেরে-বাংলা ফজলুল হক, জিয়া হলসহ প্রায় নয়টি হলের কক্ষ ভাঙচুর করা হয়।
প্রশ্ন উঠেছে, সাধারণ শিক্ষার্থীরা যদি এ হামলা-ভাঙচুর না চালায় তাহলে কারা এই ঘটনা ঘটিয়েছে?
কোটা সংস্কার আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী শাহ পরাণ বলেন, “আমার মত সাধারণ শিক্ষার্থীসহ যারা আন্দোলনকারী ছিলেন তারা কেউই এ জাতীয় ভাঙচুর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না।
“এর মাঝে তৃতীয় কোনো পক্ষ ছিলো কিনা বা কারা ছিলো এটা বলা মুশকিল। কেননা অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করত আন্দোলনে।”
অপরদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, “অধিকাংশ আবাসিক হলের ছাত্রলীগের নেতাকর্মীদের প্রায় ২৫০টি কক্ষে ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট, বিছানাপত্রসহ গায়ের জামাকাপড় পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে।
“সাধারণ শিক্ষার্থীরা কখনও এ ধরনের কর্মকাণ্ড করতে পারে না। সব জামায়াত-শিবির ও ছাত্রদলের ক্যাডাররা এসব করেছে।”
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ১৭ জুলাই সবচেয়ে বেশি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আগের দিন শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস ছেড়ে যান।
১৬ জুলাই বিকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মাদার বখস্ হল, নবাব আব্দুল লতিফ, শেরে-বাংলা ফজলুল হক, জিয়া হল, মতিহার হলের অন্তত ৩৫-৪০টি কক্ষ ভাঙচুর করা হয়। এ সময় কয়েকজনকে কক্ষগুলোতে থাকা জিনিসপত্র বাইরে বের করে এনে পুড়িয়ে দিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, “বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদের মধ্যে কয়েকজনকে মাঝেমধ্যে রুমাল কিংবা মাস্ক পড়ে ভাঙচুরসহ, অগ্নিকাণ্ড করতে দেখা যায়।”
শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, তার হলে প্রায় ২০-২৫টি ছাত্রলীগ নেতাকর্মীর কক্ষে ভাঙচুর চালানো হয়েছে। এ ছাড়া সব মিলিয়ে প্রায় নয়টি হলে এমন ভাঙচুর চালানো হয়েছে।
১৭ জুলাই সকাল ১০টা থেকে শহীদ হবিবুর রহমান খেলার মাঠে ছোট ছোট দলে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুর পৌনে ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এক পর্যায়ে শহীদ হবিবুর রহমান হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের অন্তত ১২-১৫টি কক্ষ ভাঙচুর করা হয়।
শিক্ষার্থীরা বলেছেন, হামলাকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালাচ্ছিলেন। একপর্যায়ে তারা শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবুর ২৩০ নম্বর কক্ষে তল্লাশি চালান।
এছাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের ২২৮ নম্বর কক্ষে তল্লাশি চালানো হয়। একইভাবে মাদার বখস্, শেরে-বাংলা ফজলুল হকসহ অন্যান্য হলেও ভাঙচুর ও তল্লাশি চালানো হয়।
এ সময় তারা এসব হল থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, মাদক উদ্ধারের দাবি করে সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
ভাঙচুরের পর তারা বিক্ষোভ মিছিল নিয়ে পশ্চিমপাড়া ছাত্রী হলগুলোর দিকে যায়। পরে ভিসির বাসভবনের সামনে কিছুক্ষণ অবস্থান নিয়ে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা দিয়ে পাঁচ দফা দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করেন।
এ সময় প্রশাসন ভবনের বাইরে থেকে প্রক্টর অফিস ভাঙচুর, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সাত ঘণ্টা পর মুক্ত হন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার পর উপাচার্য সাংবাদিকদের বলেছিলেন, “আমার শিক্ষার্থীদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমরা সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছিলাম। কিন্তু সেই শিক্ষার্থীরাই পরে এসে বলেছে- এই আন্দোলন আর তাদের হাতে নেই, বহিরাগতরা প্রবেশ করেছে।
“আমার শিক্ষার্থীরা এসব কাজ করেনি। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার জন্য এমনটা করা হয়েছে।”
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর, বাইক ও জিনিসপত্র পুড়িয়ে দেওয়ার ঘটনায় বুধবারই শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম মিয়া বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি মামলা করেন। মামলায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারীসহ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে আসামি করা হয়।
মামলার এজাহারে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আবাসিক হলের ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতির পরিমাণ সর্বমোট ২৭টি মোটরসাইকেল যার আনুমানিক মূল্য ৬৪ লাখ টাকা ও ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের মালামাল এবং দুইটি ল্যাপটপ- যার মূল্য আনুমানিক ১ লাখ ৪০ হাজার টাকা চুরির কথা বলা হয়েছে।
‘বিএনপি ও জামায়াত-শিবিরের ক্যাডাররা’ হামলা করেছে অভিযোগ করলেও ছাত্রলীগ নেতার মামলায় আসামি করা হয়েছে আন্দোলনের অন্যতম সমন্বয়কারীসহ সাধারণ শিক্ষার্থীদের।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, “ভিডিও ফুটেজ দেখে দেখে মামলা করা হয়েছে। জামায়াত-শিবিরের ইন্ধন ও সঙ্গে থেকে তারা এসব কাজ করেছে।”
তবে অভিযোগ অস্বীকার করে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম স্বেচ্ছাসেবী শাহ পরাণ, “আইনমন্ত্রী থেকে শুরু করে আইজিপি পর্যন্ত বলছেন, সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই এ ধরনের সহিংসতার সঙ্গে যুক্ত নন। তবু আমাদের বিরুদ্ধে কেন এ ধরনের হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে তা বোধগম্য নয়।
“এমনকি আমি ভাঙচুরের দিন ক্যাম্পাসে ছিলাম না। বিকাল অবধি আন্দোলন করে রেডিও অফিসে গিয়েছিলাম।”
হামলা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, “কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই ছাত্রদল যৌক্তিক কারণে এতে মানসিকভাবে সমর্থন দিয়ে গেছে। কিন্তু আমাদের কোনো নেতা বা কর্মী এ ধরনের হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত নয়।
“বরং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ নিজেরা সহিংসতা করে আমাদের অভিযুক্ত করার চেষ্টা করছে।”
তিনি অভিযোগ করেন, তার সংগঠনের আট নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। এ ছাড়া নানাভাবে তাদের হয়রানি করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান বলেন, “এরই মধ্যে হলগুলোতে হামলা ও ভাঙচুরের বিষয়ে প্রাধ্যক্ষেরা তাদের প্রতিবেদন দিয়েছেন। এ ব্যাপারে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া অবধি ক্ষতির পরিমাণ এখনি বলা যাবে না। প্রতিবেদন হাতে পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:
