যাচ্ছিলেন পারিবারিক ইফতারে, পথেই ঝরল তিন বোন ও ভাবীর প্রাণ
ঢাকা-বরিশাল মহাসড়কে গোপালগঞ্জের ছাগলছিড়ায় এ দুর্ঘটনায় পাঁচজন নিহত হন।
পারিবারিক ইফতার আয়োজনে যোগ দিতে ঢাকা থেকে মাইক্রোবাসে করে একই পরিবারের আটজন যাচ্ছিলেন মাদারীপুরের ডাসার উপজেলায়। পথে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন বোন আর তাদের ভাবী নিহত হন। সেই পরিবারে চলছে শোকের মাতম।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডাসার উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের কাজী সালমা (৬২), কাজী আসমা (৫৮), কাজী নাছিমা (৭০) ও তাদের ভাবী কমলা বেগম (৭৮)।
এ ছাড়া এদিন ৪০ বছরের মাইক্রোবাস চালকও নিহত হন। তবে এখনও পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গুরুতর আহত কমলা বেগমের স্বামী কাজী হুমায়ূন কবির, বোন নাজমা বেগম ও ভাই তাছলিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহতদের মরদেহ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে হাইওয়ে থানা পুলিশ। বিকালে স্বজনরা থানায় এসেছেন। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।
নিহত তিন বোনের ভাতিজি কাজী নাছরিন সাংবাদিকদের বলেন, “সবাই ঢাকাতেই থাকেন। বাড়িতে পারিবারিক ইফতারের আয়োজন করা হয়েছিল। এজন্য সকালে সবাই মিরপুর থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন।
“চাচা-চাচি, চার ফুফুসহ পরিবারের সদস্যরা গাড়িতে ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চাচি ও তিন ফুফু মারা যান।”
পুলিশ জানায়, গ্লোবাল পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। ছাগলছিড়া এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মাইক্রোবাস যাত্রী মারা যায়। পরে আরও দুইজন মারা যায়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার পাল জানান, মৃত অবস্থায় চার নারী ও একজন পুরুষের মরদেহ হাসপাতালে আনা হয়। হাসপাতাল থেকে মরদেহ থানায় নেওয়া হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. আবু নোমান জানান, নিহতদের স্বজনরা এসেছেন, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
