১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে দেওয়ানবাগ মাজারে হামলা-লুটপাট, অগ্নিসংযোগ

“কিছু ব্যক্তি হামলা চালিয়ে প্রথমে ভাঙচুর করে। তখন ভেতরে থাকা লোকজন বাঁধা দিলে তাদের মারধর করে আগুন লাগিয়ে পালিয়ে যায়।”

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2024, 05:56 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় দেওয়ানবাগ মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান।

আহতরা হলেন- মো. শাহনেওয়াজ (৬০), মো. শিমুল (৩৬), ওসমান গণি (৭০) ও জাকির (৩২)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. অলি নামের একজন বলেন, “সকাল ৬টার দিকে মাজারবিরোধী কিছু ব্যক্তি হামলা চালিয়ে প্রথমে দেওয়ানবাগ শরীফে ঢুকে ভাঙচুর করে। তখন ভেতরে থাকা লোকজন তাদের বাঁধা দিলে হামলাকারীরা তাদের মারধর করে। পরে আগুন লাগিয়ে পালিয়ে যায় তারা।”

পরে দুপুরে আরেক দফায় সেখানে হামলা ও লুটপাট চালানো হয় বলে জানান স্থানীয়রা৷

এ ঘটনায় আহতদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন ওসি গোলাম মোস্তফা।

এ পুলিশ কর্মকর্তা বলেন, “একদল ব্যক্তি সকালে মাজারের ভেতর ঢুকে ভাঙচুর চালায়। পরে সেখানে আগুনও দেয়।

“কারা এই কাণ্ড ঘটিয়েছে তা এখনও চিহ্নিত করা যায়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”

এই ঘটনার পর দুপুরে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওসি।

এর আগে গত ২৫ অগাস্ট সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে আয়নাল শাহ দরগা নামে পুরোনো একটি মাজার ভেঙে ফেলা হয়।