বরিশাল ক্যাডেট কলেজ শিক্ষার্থীর হাসপাতালে মৃত্যু
তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে জানান।
বরিশাল ক্যাডেট কলেজের দশম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে আহত অবস্থায় সালমান রহমান জুবায়েরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলেজে প্রশিক্ষণের সময় রশি ছিড়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মৃত ১৫ বছর বয়সী সালমান রহমান জুবায়ের বরিশাল ক্যাডেট কলেজের দশম শ্রেণীর ছাত্র ও পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের ইংরেজী বিষয়ের বিভাগীয় প্রধান প্রভাষক মো. শাহজালালের ছেলে।
বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বিজয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাডেট কলেজের এক শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মৃত ঘোষণার পরও অভিভাবকরা সালমানকে বরিশালের সিএমএইচ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. হেলালউদ্দিন বলেন, “জুবায়ের এর বাবার কর্মক্ষেত্র গলাচিপা সরকারি কলেজ পরিবার ফেইসবুকে ছবি দিয়ে এ ঘটনাটি জানিয়েছে। তবে আমাকে অফিসিয়ালি এখনও কেউ জানায়নি।”
গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ ফোরকান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বরিশাল ক্যাডেট কলেজ থেকে জানানো হয়, মঙ্গলবার বিকালে তাদের একটা প্রশিক্ষণ চলছিলো। সেসময় স্টিলের একটি খুঁটির সঙ্গে বাঁধা রশি ছিড়ে জুবায়ের পড়ে যায়।
“এ সময় তার মুখ থেঁতেলে যায় এবং একটি হাড় ও দাঁত ভেঙে যায়।”
