২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া বারে অধিকাংশ পদেই আওয়ামীপন্থিদের জয়

সভাপতি পদে জয়লাভ করেছেন এ কে এম কামরুজ্জামান মামুন এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মফিজুর রহমান বাবুল।

ব্রাহ্মণবাড়িয়া বারে অধিকাংশ পদেই আওয়ামীপন্থিদের জয়
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ কে এম কামরুজ্জামান মামুন এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2025, 04:08 PM

Updated : 26 Aug 2026, 11:42 AM

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১০টি পদেই জয় পেয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয় পেয়েছে তিনটি পদে। 

বৃহস্পতিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে মধ্যরাতে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ইসমাইল মিয়া। 

নির্বাচনে ১৫টি পদে তফসিল ঘোষণা করা হলেও সমাজকল্যাণ সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজন জয়লাভ করেন। তাই বাকি ১৩টি পদে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আইনজীবী সমিতির এ নির্বাচনে ৬৮০ জন ভোটার থাকলেও ভোট দিয়েছেন ৬৫০ জন। 

মোহাম্মদ ইসমাইল মিয়া জানান, নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মফিজুর রহমান বাবুল।

সভাপতি পদে জয় পাওয়া একেএম কামরুজ্জামান মামুন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কৃত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তিনি ৩৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আবদুর রহমান পান ২৪৬ ভোট।

সভাপতি পদে আরও দুইজন প্রতিদ্বন্দ্বিতা করলেও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি। 

নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান বাবুল ৩৭৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সামসুজ্জামান চৌধুরী কানন পান ১৫৪ ভোট।

এছাড়া এই পরিষদ থেকে সহ-সভাপতি পদে কাজী এখলাছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে আশরাফুল ইসলাম খান (চমন), যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে মোহাম্মদ ফরহাদ হোসেন, পাঠাগার সম্পাদক পদে জিল্লুর রহমান, অডিটর পদে রেজুয়ানুর রহমান রনি এবং সদস্য পদে জহিরুল ইসলাম, শেখ সাজিদুর রহমান সজিব ও শাহ সুলতান রকি জয়লাভ করেছেন।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১০টি পদে অংশগ্রহণ করে। এর মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাতটি পদেই পরাজিত হন তারা।

এ ফোরামের প্রার্থীদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে শামসুল হক লিটন, সম্পাদক তথ্য-প্রযুক্তি পদে মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী তারেক এবং চার নম্বর সদস্য পদে মোহাম্মদ ইয়াকুব আলী জয়লাভ করেছেন।