জয়পুরহাটে ‘তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে প্রহার’, বিচার দাবিতে মানববন্ধন
স্কুলের শৌচাগারের পানির টেপ ভেঙে যাওয়ায় দুই ছাত্রকে দুই শিক্ষক প্রচণ্ড পিটুনি দেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
জয়পুরহাটের পাঁচবিবিতে একটি বিদ্যালয়ে শৌচাগারের পানির টেপ ভাঙাকে কেন্দ্র করে দুই শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রকে প্রচণ্ড পিটুনির অভিযোগ উঠেছে।
বুধবার লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ।
এ ঘটনার প্রতিবাদে ওই দুই শিক্ষকের বিচার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
সকালে ছাত্ররা বিদ্যালয়ে এসে ক্লাশ বর্জন করেন ও বিদ্যালয় চত্বরের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে গেটের সামনে রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় তারা ওই দুই শিক্ষকের বিচার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্রদের অভিযোগ, বুধবার স্কুল চলাকালে কোনো এক সময় নতুন ভবনের শৌচাগারের পানির টেপ ভেঙে যায়। এ ঘটনার জন্য দশম শ্রেণির ছাত্র নুর ই আরাফাত ও সাজিদকে সন্দেহ করা হয়। এরপর দুই শিক্ষক ওই দুই ছাত্রকে ওই শৌচাগারে নিয়ে যান।
শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, আরাফাত ও সাজিদ সেখানে গেলে ওই শিক্ষকরা তাদের বেদম প্রহার করেন।
পরে উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরমান হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ছাত্ররা ক্লাসে ফিরে যান।
ইউএনও বরমান হোসেন বলেন, “অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে তদন্ত সাপেক্ষে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করা হবে।”
অভিভাবক শাহাদৎ আলী মন্ডল বলেন, “বিদ্যালয়ে ওই দুই শিক্ষকের ভয়ে আমার ছেলে স্কুলে আসতে চায় না। তারা কারণে অকারণে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। ওই দুই শিক্ষক স্কুলে থাকলে আমরা আমাদের সন্তাদের স্কুলে পাঠাব না।”
অপর অভিভাবক মঞ্জুয়ারা বেগম বলেন, “আমরা অভিভাবকরা সন্তানের বিষয়ে স্কুলে এলে ওই শিক্ষকরা আমাদের পাগল ছাগল বলে অপমান করেন। আমরা তাদের বিচার চাই।”
এ বিষয়ে শিক্ষক জাকির হোসেন ও ইমরান হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
