২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাড়ির সামনে হুইল চেয়ারে বসা বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 08:33 PM

Updated : 13 Jun 2023, 08:33 PM

কুমিল্লার দাউদকান্দিতে বাড়ির সামনে হুইল চেয়ারে থাকা এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার টামটা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দাউদকান্দি মডেল থানার ওসি মুহম্মদ আলমগীর ভূঞা

নিহত ৭৫ বছর বয়সি আমির হোসেন ওই গ্রামের বাসিন্দা। হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমির হোসেনের সঙ্গে প্রতিবেশী ওসমান গনির বিরোধ চলে আসছিল। তারা মামাত-ফুফাত ভাই। আমির হোসেন হাঁটতে পারতেন না। তিনি হুইল চেয়ারে চলাফেরা করতেন।

মঙ্গলবার সকালে তিনি বাড়ির পাশে একা ঘোরাফেরা করছিলেন। এ সময় আমিরকে একা পেয়ে এক প্রতিবেশী তাকে কোদাল দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকেন।

আমিরের চিৎকার শুনে গ্রামের লোকজন সেখানে জড়ো হন এবং তারা ওসমান গনি (৫২), তার বড় ছেলে মো. সিয়াম (২৭), ছোট ভাই শাহাদাত হোসেন (৩৫), প্রতিবেশী শরীফ হোসেন (২৪) ও মো. মহিউদ্দিনকে (২৫) আটক করে পিটুনি দেয়।

দাউদকান্দি থানার ওসি মুহম্মদ আলমগীর ভূঞা জানান, খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়; চিকিৎসা শেষে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ওসমান গনি ও তার পরিবারের লোকজনদের আটক করতে গিয়ে ওই গ্রামের হাবিবুর রহমান (২৯) নামের এক যুবক একজন আহত হন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা আরও জানান, ঘটনাস্থল থেকে আমির হোসেনকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্বজনরা ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানান।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোশারফ হোসেন বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”

ওসি মুহম্মদ আলমগীর ভূঞা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।