বরিশালে মেঘনায় কোস্ট গার্ডের ওপর হামলা, আটক ৭ জেলে
নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে জাল ফেলা রোধে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।
মা ইলিশ রক্ষায় বরিশালের মেঘনা নদীতে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাত জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য অধিদপ্তরের একটি স্পিডবোট; ডুবে গেছে জেলেদের একটি নৌকা।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় নদীর হিজলা উপজেলার কালিগঞ্জ অংশে এ হামলার ঘটনা ঘটে বলে জানান হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
হামলায় মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ কোস্ট গার্ড সদস্যরা আহত হয়েছেন। তবে সবার নাম-পরিচয় জানা যায়নি।
আটক জেলেরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া এলাকার বাসিন্দা জাহের সরদারের ছেলে জীবন সরদার, আহমদ আলী সরদারের ছেলে আব্দুর রহিম সরদার, ইউসুফ ঘরামীর ছেলে মিরাজ ঘরামী, রশিদ মাঝির ছেলে সাদ্দাম মাঝি, সৈকত পাটোয়ারীর ছেলে রায়হান পাটোয়ারী, আব্দুল বাসেতের ছেলে বরকত উল্ল্যাহ এবং কবির বেপারীর ছেলে সুজন বেপারী।
মৎস্য কর্মকর্তা আলম বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনায় একটি নৌকা জাল ফেলে। দুপুরে নদীকে অভিযান চালানোর সময় বিষয়টি দেখে তাদের থামার সংকেত দেওয়া হয়। তবে জেলেরা পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযানিক দল তাদের ধাওয়া করে।
কাছাকাছি পৌঁছালে অপর পাশ থেকে জেলেরা আরেকটি নৌকায় এসে অভিযানিক দলের ওপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। সেইসঙ্গে অপর নৌকা থেকে ইট-পাটকেল নিক্ষেপ করেb জেলেরা। এ সময় স্পিডবোট ও জেলে নৌকার মধ্যে সংঘর্ষ হয়। এতে একটি জেলে নৌকা ডুবে যায়।
এ সময় সাঁতরে নদী পার হওয়ার সময় সাত জেলেকে আটক করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা আলম। তিনি বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে।
