সাজেকে জিপের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী নিহত
ওই যুবক সকালে সাজেক থেকে বাইকে ফিরছিলেন বলে পুলিশ জানায়।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে জিপের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে সাজেক ইউনিয়নের ৮ নম্বর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার ওসি নুরুল হক জানান।
নিহত তানজিলুর রহমান (২৭) চট্টগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়দের বরাতে ওসি নুরুল জানান, ওই যুবক সকালে সাজেক থেকে বাইকে ফিরছিলেন। এ সময় ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি জিপের সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তানজিলুর গুরুতর আহত হন।
“খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি নুরুল হক।
