২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গাঁজায় ফাঁসানোর চেষ্টা’: প্রধান আসামি গ্রেপ্তার

আহত এক শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

‘গাঁজায় ফাঁসানোর চেষ্টা’: প্রধান আসামি গ্রেপ্তার

আহত নিজাম উদ্দিনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2022, 11:46 AM

Updated : 12 Dec 2022, 12:24 PM

মানিকগঞ্জের হরিরামপুরে দুই শিক্ষার্থীকে ‘গাঁজা দিয়ে ফাঁসাতে না পেরে’ মারধরের ঘটনার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার বন্দর থেকে রোববার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

গ্রেপ্তার মাছুম নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকার শামসুদ্দিনের ছেলে।

গত ৮ ডিসেম্বর দুই শিক্ষার্থীকে ‘গাঁজা দিয়ে ফাঁসাতে না পেরে’ মারধর করার অভিযোগ উঠে থানার দুই পুলিশ ও দুই সহযোগীর বিরুদ্ধে। সেদিন বিকালে উপজেলার আন্ধারমানিক এলাকায় পদ্মা নদীর তীরে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

ওই দুই শিক্ষার্থী হলেন- ঢাকা কলেজের ছাত্র প্রবাসী আক্কাস আলীর ছেলে ফয়সাল আহমেদ (২৪) ও দেবেন্দ্র কলেজের ছাত্র পিয়াজচর গ্রামের নৈমদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (২৫)।

স্থানীয়দের ভাষ্য, হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলামের গৃহকর্মী মাসুম এবং আন্ধারমানিক গ্রামের লিয়াকত আলীর ছেলে মামুন পুলিশের সহায়তায় গাঁজা দিয়ে ফয়সাল ও নিজামকে আটকের চেষ্টা করেন।

এ সময় তারা এর প্রতিবাদ করলে মাসুম ও মামুন তাদের মারধর করেন এবং হরিরামপুর থানার ২ কনস্টেবল আব্দুল জব্বার ও লতিফকে ডেকে আনেন।

পুরনো খবর:

‘গাঁজায় ফাঁসানোর চেষ্টা’, পুলিশের বিরুদ্ধে ২ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

পরে জব্বার কিল ঘুষি ও লাথি মেরে নিজামকে মাটিতে ফেলে দেয় এবং পাশের সবজির জাংলা থেকে বাঁশ এনে বেধরক মারধর করে। আর লতিফ মারধর করে ফয়সালকে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই কনস্টেবল জব্বার ও লতিফকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় বলে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

আর আহত শিক্ষার্থী নিজামের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

ওসি মিজানুর ইসলাম বলেন, নিজাম উদ্দিনের মা শেফালী বেগম মাছুম ও মামুনকে আসামি করে মামলা করেন। এ মামলার মূল আসামি মাছুমকে এস আই মুরাদ ও এ এস আই শহিদুজ্জামানের নেতৃত্বে আটক করা হয়েছে। সোমবার তাদের আদালতে তোলা হবে।

আর অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।