২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর সড়কে ১৫ মৃত্যু: বাসের চালক আটক

দুর্ঘটনায় নিহত ইকবাল হোসেনের বড় ভাই এনামুল হক বাদী হয়ে বাস চালককে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2024, 11:16 PM

Updated : 21 Apr 2024, 11:16 PM

ফরিদপুরের তেঁতুলতলা দিকনগরে সড়ক দুর্ঘটনায় ১৫ জনের নিহতের ঘটনায় বাসের চালককে আটক করেছে র‌্যাব।   

রোববার রাতে র‍্যাব-১০ এর ফরিদপুরের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার সাংবাদিকদের বলেন, উত্তরা ইউনিক পরিবহনের বাসটির চালক খোকন মিয়াকে বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা সদরের একটি বাজার থেকে আটক করা হয়।

দুর্ঘটনার পর থেকেই খোকন মিয়া পলাতক ছিলেন। তিনি কোটচাঁদপুর উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে।

এ বিষয়ে সোমবার ব্রিফিং করা হবে জানান র‌্যাব কর্মকর্তা।

হাইওয়ে পুলিশ জানায়, ১৬ এপ্রিল সকালে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেতুলতলা দিকনগর এলাকায় ঢাকা থেকে খুলনাগামী উত্তরা ইউনিক পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা নারী, পুরুষ, শিশুসহ ১১ জন মারা যান। আহত হন সাতজন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন।

দুর্ঘটনায় নিহত ইকবাল হোসেনের বড় ভাই এনামুল হক বাদী হয়ে বাস চালককে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলী সিদ্দিকীকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।