নেত্রকোণায় সংঘর্ষ: বিএনপির ৭৯২ জন আসামি
দুই মামলায় বিএনপির ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোণায় পুলিশের উপর আক্রমণ ও আহতের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, দুই মামলায় ৭৯২ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে সদরের মামলায় আসামি করা হয়েছে ৫৩৩ জনকে আর মদনের মামলায় আসামি করা হয়েছে ২৫৯জনকে। তাছাড়া দুই মামলায় বিএনপির ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার বাদিরা হলেন- নেত্রকোণা মডেল থানার এসআই খন্দকার আল মামুন ও মদন থানার এসআই দেবাশীষ।
নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “পুলিশের ওপর আক্রমণ, সরকারি কাজে বাঁধা দানের অভিযোগে গত পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনি খানকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ।
“এছাড়া ৩৩ জনের নাম উল্লেখসহ আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। পরে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, “পুলিশ আহতের ঘটনায় দায়ের মামলায় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলমকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে। এ ছাড়া ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২৩০ জনকে আসামি করা হয়েছে।“
এই মামলায় তিনজনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবার নেত্রকোণা শহরের ছোটবাজার এলাকায় জেলা বিএনপির কর্মসূচি পালন করতে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় শহরের প্রধান সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালায়।
তখন বিএনপি কর্মীদের রাস্তায় অবস্থান ঠেকাতে পুলিশ বাধা দেয়। এতে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ অন্তত ২২ জন আহত হন।
অন্যদিকে গত বুধবার মদনের শাহপুর ইদগাহ মাঠে বিএনপি কর্মীরা জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় তিন পুলিশসহ উভয় পক্ষের ২০ জন আহত হন।
আরও পড়ুন
