নেত্রকোণায় বিএনপি-পুলিশ সংঘর্ষে পুলিশসহ আহত ২২
আধাঘণ্টা ধরে চলা সংঘর্ষের পর বিএনপিকর্মীরা এলাকা ছেড়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করতে গিয়ে নেত্রকোণায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের ছোটবাজার এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল আলম জুয়েলসহ ১২ পুলিশ ও বিএনপির অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এই ঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ।
আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ ।
পুলিশ, বিএনপি ও স্থানীয়রা জানান, ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি পালন করতে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এ সময় শহরের প্রধান সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায় বিএনপি কর্মীদের অবস্থানে বাধা দেয় পুলিশ। এতে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে। বিএনপির কর্মীরাও তখন পাল্টা ইট-পাথর ছুড়তে শুরু করেন। এতে উভয়পক্ষের অন্তত ২২ জন আহত হন। আধাঘণ্টা ধরে সংঘর্ষের পর বিএনপি কর্মীরা এলাকা ছেড়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, কর্মসূচিতে যোগ দিতে অন্তত পাঁচ হাজার নেতা-কর্মী বিভিন্ন স্থান থেকে মিছিল করে দলীয় কার্যালয়ে এসে সমবেত হন। সেই অবস্থায় পুলিশ তাদের বাধা দিয়ে অতর্কিতে হামলা চালায়।
“নেতা-কর্মীরা যখন তা প্রতিহত করার চেষ্টা করে তখন টিয়ারগ্যাস এবং গুলি চালানো হয়। আমাদের ১০ থেকে ১২ জন নেতা-কর্মী গুলিবিদ্ধ এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।”
আহতের সংখ্যা আরও বাড়বে দাবি করে তিনি বলেন, “সবগুলো তথ্য এখনও আমাদের কাছে আসেনি। আমাদের সমাবেশ শান্তিপূর্ণ ছিল। পুলিশের এই আচরণের নিন্দা জানাচ্ছি।”
অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল আলম জুয়েল বলেন, পুলিশ কখনোই শান্তিপূর্ণ কর্মসূচির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে না। তারা প্রতিষ্ঠাবার্ষিকী পালনে দলীয় কার্যালয় ছেড়ে শহরের প্রাণকেন্দ্রে মেইনরোডে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কর্মসূচি করার চেষ্টা করছিল। জনগণের চলাচলে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছিল।
“আমরা দ্রুত কর্মসূচি শেষ করে রাস্তা ছেড়ে অফিসে ঢুকতে বলি। কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত না করে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমাদের ওপর আক্রমণ চালানোর চেষ্টা করে।”
পুলিশ সুপার আরও বলেন, “এক পর্যায়ে পরিস্থিতি শান্ত করতে আমরা তাদেরকে ধাওয়া করি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এসময় তাদের ইটপাটকেলে আমিসহ ১২ জনের মতো পুলিশ আহত হই।”
সংঘর্ষের ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
