২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

সংঘর্ষে মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলমসহ তিন পুলিশ সদস্য আহত হন বলে ওসি জানান।

নেত্রকোণা প্রতিনিধি

Published : 01 Sep 2022, 12:22 AM

Updated : 01 Sep 2022, 12:22 AM

নেত্রকোণার মদনে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহপুর ঈদগাহ মাঠে বুধবার এ সংঘর্ষ বলে পুলিশ জানিয়েছে।

বিএনপি বলছে, তাদের ১০/১১ জন; আওয়ামী লীগের দাবি, তাদের সাতজন এবং পুলিশের দাবি, তাদের তিন সদস্য আহত হয়েছেন।

পুলিশ, আওয়ামী লীগ, বিএনপির নেতা-কর্মী ও স্থানীয়রা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মদন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বিক্ষোভ মিছিলের জন্য চাঁনগাও ইউনিয়নের শাহপুর ঈদগাহ মাঠে জড়ো হন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও একই স্থানে জড়ো হতে থাকেন।

এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায়। এ সময় আমাদের নেতাকর্মীরা প্রতিরোধের চেষ্টা করে। এতে করে আমাদের ১০ থেকে ১১ জন নেতা-কর্মী আহত হন।”

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ বলেন, “আমাদের নেতা-কর্মীরা এদিক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা অর্তকিত হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তাদের ওপর ইট ছোড়ে বিএনপির লোকজন। এতে আমাদের ৭ নেতাকর্মী আহত হন।”

তিনি জানান, তাদেরকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হবে।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, “বিএনপি কর্মসূচি পালন করার খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। দুই পক্ষের উত্তেজনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যেতেই বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর ইট-পাটকেল মারতে থাকে। এতে আমি ও আমার দুই জন পুলিশ সদস্য আহত হই।”

তিনি জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে তিনি ছাড়াও এ এস আই খোরশেদ আলম ও কনস্টেবল আজিজুল ইসলাম আহত হন বলে ওসি জানান।