২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে নাশকতার চেষ্টার অভিযোগে পৌর বিএনপির সভাপতি আটক

চাঁদপুরে বিএনপির নেতা-কর্মীদের চোখে না পড়লেও রাজপথ দখল করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

চাঁদপুরে নাশকতার চেষ্টার অভিযোগে পৌর বিএনপির সভাপতি আটক

চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 11:21 AM

Updated : 31 Oct 2023, 11:21 AM

চাঁদপুরে বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে নাশকতার চেষ্টার অভিযোগে পৌর বিএনপির সভাপতিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে শহরে কলেজ রোড থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন চাঁদপুর মডেল থানার ওসি শেখ মুহসীন আলম।

ওসি জানান, অবরোধকে ঘিরে চাঁদপুর শহরে কলেজ রোডে নাশকতার চেষ্টা করে বিএনপির নেতা-কর্মীরা।

এ সময় সেখান থেকে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সাবেক ছাত্রনেতা শফিউদ্দিন বাবলুসহ শহরের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

একদিনের হরতালের পর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশব্যপী অবরোধের ঘোষণা দিয়েছে।

অবরোধকে ঘিরে মঙ্গলবার সকালে চাঁদপুরে বিএনপির নেতা-কর্মীদের চোখে না পড়লেও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কড়া নজরদারি চালাতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের।

তবে সড়কে যানবাহন তুলনামূলক কম চলতে দেখা গেছে। চাঁদপুর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লঞ্চ।

যদিও যাত্রী পরিপূর্ণ হলে চাঁদপুর থেকে লঞ্চ ছাড়বে বলে জানিয়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ।

ওসি শেখ মুহসীন আলম জানান, যে কোনো বিশৃংখলা ঠেকাতে পুলিশ প্রস্তুত আছে। নাশকতা রোধের চেষ্টায় এর মধ্যেই কয়েকজনকে আটক করা হয়েছে। আটকের সংখ্যা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।