কুমিল্লায় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু, পুলিশের ধাওয়ার অভিযোগ
তবে এ অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, ওই নেতাকে ধরতে গেলেও তাকে বাড়িতে না পেয়ে তারা চলে আসেন।
কুমিল্লার বুড়িচংয়ে ভোরের দিকে পুলিশের 'ধাওয়ার' পর বাড়ি থেকে পালিয়ে যাওয়া স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে।
রোববার উপজেলার মোকাম গ্রামে পুলিশের ধাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হলেও তা অস্বীকার করে পুলিশ বলছে, ওই নেতাকে ধরতে গেলেও তাকে বাড়িতে না পেয়ে তারা চলে আসেন।
নিহত মো. জাকির হোসেন (৩৫) বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।
উপজেলা বিএনপির সহসভাপতি শরিফুল ইসলামের দাবি, নিহত জাকিরের দুই হাতে হ্যান্ডকাফ পরানোর চিহ্ন রয়েছে।
নিহতের পরিবার ও দলটির স্থানীয় নেতাদের দাবি, ভোর ৪টার দিকে একদল পুলিশ জাকিরের বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকির ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। এসময় পুলিশ তার পেছনে ধাওয়া করে।
তারা জানান, পরে দীর্ঘসময় ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ভেবেছিল জাকিরকে পুলিশ ধরে নিয়ে গেছে। কিন্তু সকালে বাড়ির অদূরে জাকিরকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন স্থানীয়রা।
পরে তাকে উদ্ধার করে বুড়িচংয়ের কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
জাকিরের স্ত্রী পলি আক্তার বলেন, “জাকির গ্রেপ্তার থেকে বাঁচতে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ তাকে ধরতে ধাওয়া করতে থাকে। জাকির অনেকক্ষণ ঘরে না ফেরায় আমরা ভেবেছি, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এই ভেবে সকালে থানায় যোগাযোগের চিন্তা করি। কিন্তু এরই মধ্যে আমার স্বামীর মৃত্যুর খবর পাই।”
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন নিহতের স্ত্রী।
উপজেলা বিএনপির সহ সভাপতি শরিফুল বলেন, “রোববার রাতে পুলিশ মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেনের বাড়িতে যায়। সকালে বাড়ির পাশে জাকিরের মরদেহ পাওয়া যায়।”
জাকিরের দুই হাতে হ্যান্ডকাফ পরানোর চিহ্ন রয়েছে দাবি করে তিনি বলেন, “পুলিশের নির্যাতনেই তার মৃত্যু হতে পারে বলে আমরা ধারণা করছি।”
তিনি বলেন, “আমরা দলের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে পরবর্তীতে এ ঘটনার করণীয় ঠিক করব।”
মোকাম এলাকাটি বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির আওতাধীন। এ বিষয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাবেদ উল ইসলাম জানান, ওই রাতে পুলিশ জাকিরকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায়। তবে তাকে ঘরে না পেয়ে পুলিশ সদস্যরা চলে আসেন।
বিএনপি ও পরিবারের এসব অভিযোগ অস্বীকার করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খন্দকার।
তিনি বলেন, “জাকিরের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় পুলিশ তাকে ধরতে গিয়েছিল। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি।
"আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি, জাকিরের মরদেহ পাওয়া গেছে। এর বেশি কিছু জানি না। এ জন্য তার মরদেহ উদ্ধার বা ময়নাতদন্তের জন্য পুলিশ পাঠানো হয়নি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।”
