২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারীসহ ২ জনের মৃত্যু

ঢাকা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী ‘ধুমকেতু এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে তারা মারা যান বলে জানায় রেলওয়ে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 08:00 PM

Updated : 16 Jan 2024, 08:00 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আলাদা স্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার পৌলি ও সল্লা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর।

নিহত চায়না আক্তার (২৫) সদর উপজেলার গালা এলাকার নূরন্নবীর মেয়ে। অপর ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

এসআই আকবর বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘ধুমকেতু এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে পৌলি এলাকায় এক নারীর মৃত্যু হয়।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।

তিনি আরও জানান, অপরদিকে সল্লা বাসস্ট্যান্ড এলাকায় একই ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিলে দুপুরে তার মৃত্যু হয় বলে জানান এসআই আকবর।