২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ২ বাসের সংঘর্ষে আহত ৩৫

দুর্ঘটনায় উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়; পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2022, 10:06 AM

Updated : 16 Sep 2022, 10:18 AM

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রীনলাইন ও শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার এসআই শাহিন আহমেদ জানান, উপজেলার গজনাইপুর ইউনিয়নের শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি।

এসআই শাহিন বলেন, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটমুখী গ্রীন লাইন পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই বাসের চালক ও যাত্রীসহ অন্তত ৩৫ জন আহত হন।”

খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নিলে রাস্তার পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান তিনি।

এসআই বলেন, “আহদের মধ্যে দুই চালকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।”