মানিকগঞ্জে ৩০ মিনিটে পদ্মায় ১২ বাড়িঘর বিলীন
ভাঙন রোধে নদীতে জিও ব্যাগের পাশাপাশি জিও টিউব ডাম্পিং করা হচ্ছে বলে জানান পাউবোর প্রকৌশলী।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মায় ৩০ মিনিটের ভাঙনে মালামালসহ ১২টি বাড়িঘর বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অর্ধ শতাধিক বাড়িঘর।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার আবিধারা ও ইসলামপুর এলাকায় হঠাৎ ভাঙনে ১২টি পরিবার নিঃস্ব হয়েছে বলে ধূলশুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদ খান জানান।
পদ্মায় যেকোনো সময় বিলীন হতে পারে ৪৬ নম্বর চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। এরই মধ্যে বিদ্যালয়টির একটি পিলার পদ্মায় বিলীন হয়েছে। তবে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
ইউপি চেয়ারম্যান জাহেদ খান বলেন, “আমার কাছে মনে হয়েছে ভূমিকম্প হচ্ছে। ৩০-৪০ মিনিটে ১২টি বাড়ি শেষ। স্কুলটি যেকোনো সময় নদীতে বিলীন হয়ে যাবে। চোখের সামনে বাড়িগুলো শেষ হতে দেখছি। সারা রাত পদ্মার পাড়ে ছিলাম।”
ইসলামপুর গ্রামের গৃহবধূ ময়না বেগম বলেন, “সরিষা পাঁচ মণ, ৫০ মণ ধান, চার মণ তিল ও ভুট্টাসহ আমার ঘর পদ্মায় নিয়ে গেছে। ৩০-৪০ মিনিটে আমার সব শ্যাষ। পথের ফকির হয়ে গেছি।”
আবিধারা এলাকার হারুন ও সাগর জানান, আবিধারা ও ইসলামপুর গ্রামের লিটনের ঘর, বাদলের ঘর তিনটা, রফিজ, কালামের বাড়ি, সেকেন্দার দোকান, শাহিনের বাড়ি, আফজাল বিশ্বাস, সিদ্দিক মেম্বারের বাড়ি বিলীন হয়ে গেছে। ১২টি ঘরের সব মালামাল নদীতে তলিয়ে গেছে।
ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ না হলে, যা আছে সব নদীতে হারিয়ে যাবে বলে জানান মোহনপুর এলাকার বাসিন্দা সাগর।
পদ্মায় ঘর হারানো গৃহবধূ সালমা আক্তার বলেন, “রাইতে ভূমিকম্পের মতো সব শ্যাষ হইয়া গেছে। আমরা এখন যাব কই।”
মো. মিলন বলেন, শ্বশুরবাড়ির একটা ঘর নদীতে বিলীন হয়েছে।
কাঞ্চন বেপারি বলেন, “আধা ঘণ্টায় আমগো সব শ্যাষ হইয়া গেছে। আমরা স্বপ্নেও ভাবিনি, আমগো এমন দশা হইব।”
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাঙন এলাকা পরিদর্শনে আছি। এডিসি জেনারেল স্যার ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীও আছেন। ভাঙন ঠেকাতে কাজ করছে পাউবো।”
মানিকগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে স্পটে রয়েছি। ভাঙন রোধে এ এলাকায় আপদকালীন সময়ের জন্য নদীর ১২০০ মিটারে কাজ চলছে। এরই মধ্যে হঠাৎ গতরাতে কয়েকটি বাড়িঘর বিলীন হয়েছে।”
নদীতে জিও ব্যাগের পাশাপাশি জিও টিউব ডাম্পিং শুরু করা হয়েছে বলে জানান পাউবোর এ প্রকৌশলী।
