ত্রিশালে বিমানবন্দর করার চিন্তাভাবনা করছি: বিমানমন্ত্রী
ময়মনসিংহ নগরীর সারিন্দা-সবারি রিসোর্টে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ময়মনসিংহের ত্রিশালে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর করার চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
রোববার সকালে ময়মনসিংহ নগরীর সারিন্দা-সবারি রিসোর্টে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, দেশের বিমানবহর ২০০টিরও বেশি উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্য নিয়ে প্রথম ধাপে ৩৫টি উড়োজাহাজ কেনার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়েছে, যা ২০৩১ থেকে ২০৩৭ সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে পৌঁছাবে।
তিনি আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণের ওপর জোর দিয়ে কানাডা, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও চীনে সরাসরি ফ্লাইট চালুর আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া পর্যটনশিল্পের বিকাশে নেত্রকোনার বিরিশিরিকে জাতীয় মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বলেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ উপস্থিত ছিলেন।
