ভাইকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ নেতা
তার মাথায় ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানায় পুলিশ।
বগুড়ায় ছুরিকাঘাতে এক ছাত্রলীগের নেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শহরের সুলতানগঞ্জ পাড়া এলাকায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে উপশহর ফাঁড়ির পরিদর্শক সুজন মিয়া জানান।
আহত আসিফ শেখ ওই এলাকার হেলাল শেখের ছেলে এবং বগুড়া পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক সুজন বলেন, শুক্রবার সুলতানগঞ্জপাড়ায় ক্রিকেট খেলা উপলক্ষে খাওয়া-দাওয়ার আয়োজন করেন স্থানীয়রা। সেখানে ছাত্রলীগ নেতা আসিফের চাচাতো ভাই তুষার স্থানীয় রিপু নামের এক যুবকের কাঁধে হাত দেন।
এ নিয়ে রিপু ও তুষারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে আসিফ তাদের থামান। পরে রিপু স্থানীয় রাব্বি নামের এক যুবকসহ তিন থেকে চারজনকে সঙ্গে নিয়ে তুষারকে মারতে যান।
এ সময় আসিফ তাদের বাধা দিতে গেলে রিপু ও তার সহযোগীরা তার মাথায় ও পেটে ছুরিকাঘাত করে বলে জানান সুজন।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
